ইত্তেফাকের সরিষাবাড়ি প্রতিনিধি সাংবাদিক জুলফিকুর আর নেই

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২

জামালপুরের সরিষাবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি, দৈনিক ইত্তেফাক ও মাই টিভির উপজেলা প্রতিনিধি, বাংলাদেশ বেতারের গীতিকার ও কবি এ.এস.এম. জুলফিকুর রহমান (৬৪) আর নেই।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিনগত রাত ১২টার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি দুই স্ত্রী ও দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে যান।

শুক্রবার দুপুর ২টায় গণ ময়দানে তার জানাযা নামাজ অনুষ্ঠিত হয়। এর আগে, মরহুমের স্মৃতিচারণ ও মাগফেরাত কামনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম পিন্টু, জেলা প্রেসক্লাবের সভাপতি ফজলে এলাহী মাকাম, সরিষাবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম এ রউফ, মরহুমের ছোট ছেলে মাহবুবুর রহমান পার্থসহ আরও অনেকে। এ সময় সরিষাবাড়ী প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমের কফিনে সাংবাদিকরা ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান। পরে সরিষাবাড়ী কেন্দ্রীয় গোরস্থানে তাকে সমাহিত করা হয়।

তার মৃত্যুতে সরিষাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এস এম ইব্রাহীম হোসাইন লেবু, সিনিয়র সহসভাপতি এম এ রউফ, সাধারণ সম্পাদক জাকারিয়া জাহাঙ্গীরসহ সাংবাদিকরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

ইত্তেফাক/এমএএস