ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় দোকান ভাঙচুর, বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৪৯

ভালোবাসা দিবসে ফুল বিক্রি করায় টাঙ্গাইলের ভূঞাপুরে দোকান ভাঙচুরের অভিযোগ উঠেছে। তাছাড়া ওই এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টের সামনে একদল লোক বিক্ষোভ করেছেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে ভূঞাপুর-তারাকান্দি সড়কের ভূঞাপুর থানা সংলগ্ন কলেজ রোডে ‘মামা গিফট কর্নার’ নামের একটি দোকানের ভাঙচুর চালায় দুর্বৃত্তরা। তাছাড়া বিভিন্ন রেস্টুরেন্টে বিক্ষোভ করে তারা। এসময় তাদের ‘ভালোবাসা দিবস; ভালোবাসা দিবস; চলবে না, চলবে না’, ‘প্রেমিক-প্রেমিকার গালে গালে, জুতা মারো তালে তালে’ স্লোগান দিতে শোনা গেছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা।  

এদিকে এমন পরিস্থিতির কারণে শনিবার ভূঞাপুরে উদীচীর বসন্তবরণ অনুষ্ঠান স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন উদীচী ভূঞাপুর শাখার সাধারণ সম্পাদক সৈয়দ মেহেদী হাসান। তিনি জানান, ভালবাসা দিবসের বিভিন্ন ঘটনার কারণে অনাকাঙ্খিত পরিস্থিতি এড়াতে বসন্তবরণের অনুষ্ঠান স্থগিত করা হয়। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তীতে বসন্তবরণ অনুষ্ঠান করা হবে।

ক্ষতিগ্রস্ত  দোকানদার আলম অভিযোগ করে বলেন, দোকানে ফুল বিক্রি করি দীর্ঘদিন ধরে। শুক্রবার বিকেলে কিছু লোকজন এসেই দোকানে ভাঙচুর করে ফুলগুলো রাস্তায় ফেলে দেয়। ভালোবাসা দিবসে কেন ফুল বিক্রি করছি সেটাই অপরাধ। আরেকটি দোকান ভেঙেছে তাও কিছু বলিনি। আগের দিন তারা ফুল বিক্রি করতে নিষেধ করে গিয়েছিল।

নিরিবিলি ফুড কর্নারের ম্যানেজার আসাদ খান বলেন, বৃহস্পতিবার এক দল লোক এসে এসে ফাস্টফুড বিক্রি বন্ধ করার নির্দেশ দিয়েছিল। তখন তারা মিছিল করে বিভিন্ন স্লোগান দিয়েছিল।

ভূঞাপুর থানার ওসি একেএম রেজাউল করিম বলেন, ঘটনার বিষয়টি জানা নেই। এছাড়া ভাঙচুরের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/এপি