গাইবান্ধার গোবিন্দগঞ্জে পৃথক দু’টি সড়ক দুর্ঘটনায় পিকআপ চালক, হেলপার ও এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (১৫ ফেব্রুয়ারি) রাত আনুমনিক ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহতরা হলে- কুড়িগ্রামের ভুরুঙ্গামারীর গছিডাঙ্গা গ্রামের জুহুরুল ইসলামের পুত্র পিকআপ চালক আশরাফুল আলম (৩৫), একই উপজেলার ছোট কাটামারি গ্রামের মৃত আনোয়ার হোসেন মিলুর পুত্র হেলপার জিহাদ হোসেন (২১) এবং গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের মোঘলটুলী গ্রামের হাসেন আলী পুত্র তারাজুল ইসলাম তারা (৩৫)।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন জানান, শনিবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের চাপড়ীগঞ্জ নামক স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-মুখি সবজিবাহী পিকআপ সড়ক বিভাজনের সাথে ধাক্কা খেয়ে উল্টে যায়। এ সময় পিছনে থাকা মায়ের আশীর্বাদ নামের একটি যাত্রীবাহী কোচ পিকআপের পিছনে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই পিকআপের হেলপার জিহাদ মারা যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মুমূর্ষু অবস্থায় চালক আশরাফুল আলমকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে চিকিত্সাধীন অবস্থায় ভোরে তিনি মারা যান।
অপর দিকে রাত আনুমানিক ৮টার দিকে দ্রুতগামী মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তারাজুল ইসলাম তারা নামের এক আরোহী মারা গেছে। মরদেহ গুলি পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে।
