দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা প্রতিভাবানদের তুলে আনার লক্ষ্যে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে শুরু হলো ‘চলচ্চিত্র নির্মাণবিষয়ক কর্মশালা’। আটটি বিভাগে আয়োজিত এই কর্মশালাগুলো পরিচালনা করবেন জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত আটজন তরুণ নির্মাতা।
শনিবার (১৫ ফেব্রুয়ারি) থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে এই কর্মশালার ঢাকা বিভাগীয় পর্ব শুরু হয়েছে। ঢাকা বিভাগে অনুষ্ঠেয় পাঁচ দিনব্যাপী এই কর্মশালা পরিচালনা করছেন চলচ্চিত্র নির্মাতা নুহাশ হুমায়ূন।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কর্মশালার প্রথম দিন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। আরো উপস্থিত ছিলেন কর্মশালার কারিগরি কমিটির সদস্য তানিম নূর ও সুমন রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির সচিব মোহাম্মদ ওয়ারেছ হোসেন, নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন, চলচ্চিত্র বিভাগের সহকারী পরিচালক মো. ইকরামুল ইসলাম ও স্টেজ ম্যানেজার ফজলে রাব্বি সুকর্ণ।
কর্মশালায় অংশগ্রহণকারীদের গল্প বলা, চিত্রায়ণ, প্রযোজনা, সম্পাদনা, চলচ্চিত্রে প্রযুক্তির ব্যবহার এবং বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে হাতে-কলমে শেখানো হবে।
