বিএনপিতে কোনো সুযোগ সন্ধানীদের স্থান হবে না: দুলু

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৩

বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বিএনপিতে কোনো সুযোগ সন্ধানীদের স্থান হবে না। দলে আসার জন্য তারা অপচেষ্টা চালিয়ে যাচ্ছে।

মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) দুপুরে নাটোর জেলা পরিষদ অডিটেরিয়ামে আয়োজিত নাটোর জেলা বিএনপির নবগঠিত আহবায়ক কমিটির পরিচয় ও কর্মী সভায় দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, বিগত ৪২ বছর শত কষ্ট ও নির্যাতনের মধ্যেও দলের হাল ধরে সাহসিকতার সঙ্গে দলকেও এগিয়ে নিয়ে গেছেন। অথচ পাটির সুদিনে সুযোগ সন্ধানী অনেকে দলে আসার অপচেষ্টা চালাচ্ছেন। তাদের সব অপচেষ্টা ভেস্তে যাবে। এসব সুযোগ সন্ধানীদের কোনো ভাবে দলে স্থান দেওয়া যাবে না। দেশ নায়েক তারেক জিয়ার নেতৃত্ব আমরা সবাই অটুট থাকুক। তাঁর নেতৃত্বে  বিএনপি এগিয়ে যাবে। 

দুলু আরও বলেন, আগামী নির্বাচন নিয়ে নানা রকম ষড়যন্ত্র হচ্ছে। একটি মহল নির্বাচন বানচাল করতে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি বলতে চাই, যত ষড়যন্ত্র হোক না কেন, তা দেশের জনগণ জবাব দেবে। দেশ নিয়ে অনেক বার চক্রান্ত হয়েছে কিন্তু কেউ সফল হয়নি। তাদের সব ষড়যন্ত্র, চক্রান্ত ভেস্তে যাবে। দীর্ঘ ১৬ বছর আমরা একসাথে ছিলাম, এবং মৃত্যু পর্যন্ত একসাথে থাকবো ইনশাআল্লাহ। 

নাটোর জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায় জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহীন শওকত, জেলা বিএনপির সদস্য সাবিনা ইয়াসমিন ছবিসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এএইচপি