নাফনদী থেকে ২ লাখ ইয়াবাসহ সাত রোহিঙ্গা আটক

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৫১

কক্সবাজার টেকনাফের নাফনদীতে অভিযান চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় ৭ রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করা হয়।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক এ তথ্য জানান। এর আগে বুধবার মধ্যরাতে অভিযান চালিয়ে ২ লাখ ইয়াবাসহ সাত রোহিঙ্গাকে আটক করে যৌথ বাহিনী।

আটকরা হলেন- মাদক পাচারকারী ইয়াসিন (৫৬), মোস্তফা (৩৩), ইলিয়াস (২১), দীন মোহাম্মদ (৩৪), মো. সাবের (৩০), জাকারিয়া (২৪) ও আব্দুর রহমান (৪৫)। তারা সবাই কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্পের সদস্য। 

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নাফনদী ও বঙ্গোপসাগরের মোহনায় বুধবার মধ্যরাত ২টার দিকে কোস্ট গার্ড ও র‌্যাবের যৌথ অভিযানে পরিচালিত হয়। এসময় ইঞ্জিনচালিত কাঠের বোটে তল্লাশি চালিয়ে ২ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এসময় ইয়াবা পাচারে জড়িত ওই সাত রোহিঙ্গাকে আটক করা হয়।

কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. সিয়াম-উল-হক বলেন, জব্দ করা ইয়াবা এবং আটক মাদক পাচারকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদক পাচাররোধে এ অভিযান অব্যহত থাকবে।

ইত্তেফাক/এপি