নারায়ণগঞ্জে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় সড়ক অবরোধ করেছেন ইউরোটেক্স নিটওয়্যারের শ্রমিকরা। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের লামাপাড়া এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রায় ৭ ঘন্টা ওই সড়কে যানচলাচল বন্ধ ছিল।

আন্দোলনরত শ্রমিকরা জানান, কোনো পূর্ব নির্দেশনা ছাড়াই ২৭ জন শ্রমিককে ছাটাই করে কর্তৃপক্ষ। তাদের আসামি করে মামলাও করা হয়। এর জেরে শ্রমিকরা কাজ বন্ধ করলে তাদের সঙ্গে বাক-বিতণ্ডায় জড়ান সিনিয়র কর্মকর্তারা। পরে সেখানে হাতাহাতির ঘটনাও ঘটে।

অজুফা বেগম নামে এক শ্রমিক বলেন, কোনো কারণ ছাড়া শ্রমিকদের ছাঁটাই করছে কর্তৃপক্ষ। গত মাসের বেতনও দেয়নি। এমন পরিস্থিতিতে আমরা কাজ বন্ধ করে দিলে তারা হামলা চালায়। এতে আমি হাতে গুরুতর আঘাত পেয়েছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

জেলা গার্মেন্টস ও সুয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সভাপতি এম এ শাহীন বলেন, মালিকপক্ষ ২৭ জন শ্রমিকের নামে মামলা দিয়ে পুলিশ দিয়ে হয়রানি করছে। এলাকার মাস্তানদের লেলিয়ে দিয়েছে।

শ্রমিকদের দাবি, মিথ্যা মামলা প্রত্যাহার করে পুলিশ হয়রানি ও সন্ত্রাসী দিয়ে ভয়-ভীতি দেখানো বন্ধ করতে হবে।

শিল্প পুলিশ-৪ পরিদর্শক (গোয়েন্দা) সেলিম বাদশা বলেন, পোশাক কারখানার শ্রমিকরা ছাঁটাই বন্ধসহ বিভিন্ন দাবিতে সড়ক অবরোধ করেছেন। তাদের সঙ্গে বিষয়টি নিয়ে সমাধানের চেষ্টা চলছে।

জেলা কল-কারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর কর্মকর্তা রাজীব চন্দ্র ঘোষ বলেন, ৫ আগস্টের পর থেকে বিভিন্ন সময় ইউরোটেক্স নিটওয়্যারের শ্রমিকরা বিশৃঙ্খলা করে আসছিল। তাদের বিশৃঙ্খলার কারণে মালিকপক্ষ মামলা করে। গত মঙ্গলবার মালিকপক্ষের সঙ্গে আলোচনায় বসা হয়েছিল। তখন মালিকপক্ষ জানায়, আইনি প্রক্রিয়া অনুযায়ী মামলার কাজ চলবে। সেই সঙ্গে শ্রম আইনে ৯৫ শ্রমিককে ছাটাই করবেন।

ইত্তেফাক/জেডএইচডি