কাহারোলে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে নেই শহীদ মিনার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২৪

ভাষা আন্দোলনের ৭৩ বছর পেরিয়ে গেলেও দিনাজপুরের কাহারোল উপজেলার ৬টি ইউনিয়নের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার। প্রতি বছর ২১শে ফেব্রুয়ারিতে অস্থায়ীভাবে শহীদ মিনার তৈরি করে আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবস উপলক্ষে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো।

কাহারোল উপজেলা শিক্ষা অফিস ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলায় ১২০টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৩৮টি মাধ্যমিক, ৮টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ১০টি মাদ্রাসা, ৭টি কলেজ ও ২২টি কিন্ডারগার্টেন রয়েছে। এগুলোর মধ্যে অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানেই নেই শহীদ মিনার। যেগুলোতে আছে সেগুলিও রক্ষণাবেক্ষণ ও পরিচর্যার অভাবে ভগ্ন প্রায়। 

এ ব্যাপারে মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়াউল ইসলাম বলেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই-সে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করার তাগিদ দিলেও আর্থিক সংকটের কারণে শহীদ মিনার নির্মাণ করতে পারছে না শিক্ষা প্রতিষ্ঠানগুলো বলে জানা যায়। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শহীদ মিনার নির্মাণের নির্দেশ দেওয়া হয়েছে। 

উপজেলা শিক্ষা অফিসার এ.কে.এম জিন্নাত আলী বলেন, যে সকল প্রাথমিক বিদ্যালয়গুলিতে শহীদ মিনার নেই, সেগুলি যত দ্রুত সম্ভব নির্মাণ করা হবে।  

কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মো. আমিনুল ইসলাম বলেন, যে সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই তার তালিকা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইত্তেফাক/এএইচপি