পাকিস্তানে গাড়ি থেকে নামিয়ে ৭ পর্যটককে গুলি করে হত্যা

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩০

পাকিস্তানের গোলযোগপূর্ণ দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীরা ৭ জন পর্যটককে বাস থেকে নামিয়ে গুলি করে হত্যা করেছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) বেলুচিস্তান প্রদেশে এই হত্যাকাণ্ড ঘটে।

ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা সাদাত হুসেইন এএফপিকে বলেছেন, পাঞ্জাবের সঙ্গে প্রাদেশিক সীমান্তের কাছে একটি মহাসড়ক দিয়ে বেলুচিস্তানের যাওয়ার সময় বন্দুকধারীরা পর্যটকবাহী বাসটির টায়ারে গুলি চালিয়ে থামিয়ে দেয়। 

হুসেইন বলেন, এক পর্যায়ে বন্দুকধারীরা বাসে উঠে যাত্রীদের পরিচয় পত্র দেখতে চায়। পরে যাত্রীদের তুলে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে হত্যা করে।

তবে এখনো পর্যন্ত কেউ এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেনি। এএফপি’র এক হিসেব মতে, ১ জানুয়ারি থেকে কমপক্ষে ৬৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্যকে হত্যা করেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেছেন, আফগানিস্তান ও ইরান সীমান্তবর্তী দরিদ্রপীড়িত তবে খনিজ সম্পদে ভরপুর বেলচিস্তান অঞ্চলে কয়েক দশক ধরে জাতিগত বিচ্ছিন্নতাবাদী সহিংসতার বিরুদ্ধে লড়াই করছে নিরাপত্তা বাহিনী।

গত কয়েক বছরে নিরাপত্তা বাহিনী এবং জাতিগত গোষ্ঠীর ওপর হামলা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে দেশটির সবচেয়ে জনবহুল ও সমৃদ্ধ প্রদেশ এবং সামরিক বাহিনীর প্রধান নিয়োগ ঘাঁটি পাঞ্জাবের শ্রমিকদের ওপর।

ইসলামাবাদ-ভিত্তিক বিশ্লেষণকারী সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজের মতে, গত বছরটি ছিল পাকিস্তানের জন্য এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বছর। সেখানে হামলার সংখ্যা বেড়ে যাওয়ায় ১ হাজার ৬০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। যার মধ্যে ছিল ৬৮৫ জন নিরাপত্তাকর্মী।

ইত্তেফাক/এসকে