পুলিশের অবসরপ্রাপ্ত এসআইকে কুপিয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২

ময়মনসিংহে অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মিন্টু মিয়াকে (৬০) কুপিয়ে হত্যার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) র‌্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে বুধবার রাত সাড়ে ১১টায় কুমিল্লা সদর এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকার রুহুল আমিনের ছেলে মো. আরমান (২৭) ও একই এলাকার হরমুজ আলীর ছেলে মো. সৌরভ (২৬)।

র‌্যাব জানায়, মিন্টু মিয়ার সঙ্গে প্রতিবেশী রুহুল আমিনসহ কয়েকজনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে একাধিকবার সালিশও হয়। ২০২৪ সালে ১১ অক্টোবর বেলা ১১টার দিকে মিন্টু মিয়া ও তার ভাই ইব্রাহিম মিয়া তাদের জমি থেকে ঘাস কেটে বাড়ি ফেরার পথে বাদেকল্পা এলাকায় প্রতিপক্ষের লোকজন পথরোধ করে দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে কোপানো শুরু করে। এসময় মিন্টু মিয়া ও ইব্রাহিম মিয়া রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক মিন্টু মিয়াকে মৃত ঘোষণা করেন।

নিহত মিন্টু মিয়া ময়মনসিংহ নগরীর বাদেকল্পা এলাকার আবদুল করিমের ছেলে। তিনি আর্মড পুলিশের অবসরপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) ছিলেন।

ময়মনসিংহ র‌্যাব-১৪ সদরদপ্তরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা বলেন, এ ঘটনায় নিহতের ছেলে মো. আলী হোসেন মিতুল বাদী হয়ে ময়মনসিংহের কোতোয়ালী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। বিষয়টি নজরে আসার পর ছায়াতদন্ত শুরু করে র‌্যাব। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ওই দুজনের পালিয়ে থাকার অবস্থান জানতে পেরে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। হত্যায় জড়িত অন্যদেরও আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

ইত্তেফাক/এপি