বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, আইএমএফের টাকা আসেনি, নিজস্ব সক্ষমতায় আমরা রিজার্ভ বাড়াতে পারছি। আমাদের রেমিট্যান্স এবং রফতানির প্রবাহ ভালো। রিজার্ভ প্রবৃদ্ধি নিয়ে চিন্তার কারণ নেই।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ইকোনমিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই প্রত্যাশার কথা জানান।
গভর্নর বলেন, আমাদের রিজার্ভের পতন এখন আর নাই, একটু একটু করে বাড়ছে।
তিনি বলেন, ‘আমাদের দেশে যত সমস্যা, তা সাধারণত একসঙ্গে কোনো দেশে হয় না। রাজস্ব খাতের ব্যর্থতা একবছরের সরকার কখনোই সমাধান করতে পারবে না।’
দু-চার মাসে দেশের মূল্যস্ফীতি কমিয়ে আনা সম্ভব নয় উল্লেখ করে গভর্নর বলেন, ‘প্রত্যাশার সঙ্গে বাস্তবতাকে মিলাতে হবে। মূল্যস্ফীতি কমেছে আরও কমবে। পাঁচ-ছয় মাসের মধ্যে আরো ভালো কিছুর প্রত্যাশা করছি। পলিসি ঠিক থাকলে বাজার ঠিক থাকবে।’
রমজানের জন্য নিত্যপণ্যের পর্যাপ্ত মজুত রয়েছে বলেও জানান আহসান এইচ মনসুর।
