ভাষা আন্দোলনের ৭২ বছর পার হলেও যশোরের চৌগাছায় ৯২ ভাগ শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা হয়নি। হাতেগোনা কয়েকটি প্রতিষ্ঠানে শহীদ মিনার নিজ অর্থায়ানে তৈরি করা হলেও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হয়ে যাচ্ছ। হয়েছে কুকুর বিড়ালের আড্ডাখানা।
সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা গেছে উপজেলাতে ১৩৯টি প্রাথমিক বিদ্যালয়, এবতেদায়ী আটটি, কেজি স্কুল ২২টি, মাদ্রাসা ২১টি, মাধ্যমিক বিদ্যালয় ৪৯টি এবং কলেজ রয়েছে ১১টি। মোট ২৬০টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে মাত্র ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার আছে। বাকি শিক্ষাপ্রতিষ্ঠান কোনো শহীদ মিনার নেই। ফলে মাতৃভাষার সঠিক ইতিহাস থেকে বঞ্চিত হচ্ছে কোমলমতি শিক্ষার্থীরা।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুজ্জামান জাহাঙ্গীর (অতিরিক্ত দায়িত্ব) বলেন, ‘আমরা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের এ ব্যাপারে পত্র দিয়ে অবহিত করলেও অর্থাভাবের কথা বলে শহীদ মিনার নির্মাণে তেমন আগ্রহ দেখাননি।’
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিার মোস্তাফিজুর রহমান বলেন, ‘ভাষা আন্দোলন এবং মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার বাধ্যতামূলক।’
উপজেলা নির্বাহী অফিসার সুস্মিতা সাহা বলেন, ‘সরকারিভাবে কোনো নির্দেশনা না থাকলেও ইতিহাস জানার জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ করা উচিত।’

