যুদ্ধ শুরুর পর থেকে ৬৫৫টি যুদ্ধবিমান হারিয়েছে ইউক্রেন

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:০৩

যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়ার বাহিনী ইউক্রেনের ৬৫৫টি যুদ্ধবিমান ধ্বংস করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।

মন্ত্রণালয় বলছে, বিশেষ সামরিক অভিযান শুরু হওয়ার পর থেকে সব মিলিয়ে ৬৫৫টি যুদ্ধবিমান, ২৮৩টি হেলিকপ্টার এবং ৪৪ হাজারের বেশি ড্রোন ধ্বংস করা হয়েছে।

এছাড়া ইউক্রেনের ৫৯৪টি ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, ২১ হাজার ৫৩৪টি ট্যাঙ্ক এবং অন্যান্য সাঁজোয়া যুদ্ধ যানবাহন, ১৫১৮টি রকেট লঞ্চার, ২১ হাজার ৮৮৩টি ফিল্ড আর্টিলারি ও মর্টার ধ্বংস করা হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় রুশ বাহিনী ইউক্রেনের সামরিক-শিল্প খাতের গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ সাইটসহ জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী আনুমানিক ৪৫ জন সেনা, একটি ট্যাংক, একটি সাঁজোয়া যুদ্ধ যান, ছয়টি মোটর গাড়ি এবং তিনটি ফিল্ড আর্টিলারি কামান হারিয়েছে। এছাড়া রুশ বাহিনী ইউক্রেনীয় বাহিনীর দুটি গোলাবারুদের ডিপো ও একটি ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্টেশন ধ্বংস করেছে।

ইত্তেফাক/এসকে