মার্কিন রাষ্ট্রদূত রাষ্ট্রদূত আর্ল আর. মিলার এবং যুক্তরাষ্ট্র দূতাবাসের ‘এডুকেশনইউএসএ’ টিম আজ বুধবার (১৭ জুলাই) আমেরিকান সেন্টারে বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ২০১৯ ‘এডুকেশনইউএসএ’ প্রি-ডিপারচার ওরিয়েন্টেশনের আয়োজন করেছে। ঢাকাস্থ মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত শিক্ষাবর্ষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা ৪.৯ শতাংশ বেড়ে ৭ হাজার ৪৯৬ জনে উঠেছে। ২০১৮ সালের আন্তর্জাতিক শিক্ষা বিনিময় বিষয়ক ‘ওপেন ডোরস’ রিপোর্টে এ কথা বলা হয়েছে। বাংলাদেশের শিক্ষার্থীদের সংখ্যা বৃদ্ধির হার আন্তর্জাতিক গড় ১.৫ শতাংশকে পেছনে ফেলেছে।
যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের সংখ্যার দিক থেকে বাংলাদেশের স্থান বিশ্বের শীর্ষ ২৫ টি দেশের মধ্যে। যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সংখ্যায়ও এখন বাংলাদেশ বিশ্বে নবম স্থানে। ২০১৩ সাল থেকে যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের সংখ্যা বেড়ে দ্বিগুণ হয়েছে।

গত তিন বছরে যুক্তরাষ্ট্রের কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে বিদেশি শিক্ষার্থী ছিল দশ লাখেরও বেশি। এই শিক্ষাবর্ষে এর সংখ্যা ছিল এগারো লক্ষ যা একটি রেকর্ড। পরিসংখ্যান আরও বলছে, যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষায় বিদেশি শিক্ষার্থীর সংখ্যাবৃদ্ধি টানা বারো বছরের মতো অব্যাহত রয়েছে।
আরও পড়ুনঃ কোহলিকে বিয়ে করার কারণ জানালেন অনুশকা!
বাংলাদেশে কয়েকটি স্থানে ‘এডুকেশন ইউএসএ’-এর পরামর্শসেবা ও রেফারেন্স সামগ্রী পাওয়া যায়। এর মধ্যে রয়েছে বারিধারায় অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসের আমেরিকান সেন্টার, ধানমন্ডির ইএমকে সেন্টার ফর পাবলিক সার্ভিস অ্যান্ড দ্য আর্টস এবং চট্টগ্রামের আমেরিকান কর্নার। এসব স্থানে প্রশিক্ষণপ্রাপ্ত উপদেষ্টারা দলভিত্তিক তথ্য সেশন পরিচালনা করেন এবং শিক্ষার্থী ও তাদের পিতামাতাদের জন্য পরামর্শ সেবা দেন। এছাড়া সিলেট, খুলনা ও রাজশাহীর আমেরিকান কর্ণারেও এডুকেশনইউএসএ-এর রেফারেন্স লাইব্রেরি এবং পরামর্শসেবা গ্রহণের সুযোগ রয়েছে।
ইত্তেফাক/টিএস
