ইত্তেফাকের সাংবাদিক ও দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহামেদ মারা গেছেন

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ০২:২৫

দৈনিক ইত্তেফাকের রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ও পার্বত্য চট্টগ্রাম থেকে প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকছুদ আহমেদ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নাইলাহি রাজিউন)। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তিনি স্ট্রোক করেন। পরে তাকে রাঙামাটি জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানে পৌনে ১০টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

রাঙামাটির সিভিল সার্জন (সিএস) ডা. নূয়েন খীসা ও রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক শওকত আকবর খান তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

মকছুদ আহমেদের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক নয়টার দিকে কন্ট্রাক্টর পাড়ার নিজ বাসায় তিনি স্ট্রোক করেন। হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৩৭ মিনিটের দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

এদিকে প্রবীণ এই সাংবাদিকের মৃত্যুর খবরে রাঙামাটি জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ রাঙামাটি জেনারেল হাসপাতালে ছুটে যান। তারা শোক প্রকাশ করেন। 

প্রসঙ্গত, একেএম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় রয়েছেন। তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক বনভূমি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। ৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদক হিসেবে আছেন। দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও দৈনিক ইত্তেফাকের রাঙামাটি জেলা প্রতিনিধির দায়িত্ব পালন করে আসছিলেন। তিনি রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতিও ছিলেন।

ইত্তেফাক/এনএন