চাঁদপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড, ১২টি দোকান পুড়ে ছাই

আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৪৮

চাঁদপুরের মতলব পৌরসভার  মুন্সিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে ছাই হয়েছে। বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪টা ১০ মিনিটে এঘটনা ঘটে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনায় অর্ধ কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে বলে ধারণা করছে ফায়ার-সার্ভিস।

স্থানীয়রা বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৪:১০ মিনিটে  বাতেনের চায়ের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে সাহায্যের জন্য মাইকে ঘোষণা দেন স্থানীয়রা। 

পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের অক্লান্ত পরিশ্রমে আজ (২১ ফেব্রুয়ারি) সকাল ৬:৩০ মিনিটে  আগুন নিয়ন্ত্রণে আসে। ততক্ষণে ১২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে যায়।

ফায়ার-সার্ভিসের ষ্টেশন অফিসার মোহাম্মদ আলী জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হতে পারে। তবে বিষয়টি নিয়ে তদন্ত চলছে। ক্ষতিগ্রস্ত দোকানগুলোর মধ্যে মুদি, পোশাক ও ইলেকট্রনিক্স, মিষ্টি, কনফেকশনারি সামগ্রীর দোকান ছিল, ফলে ক্ষতির পরিমাণ অর্ধ কোটি টাকারও বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. আনাস বকাউল বলেন, সামনে ঈদের বাজার ছিল। আমাদের সবগুলো দোকান মালামালে ভরা ছিল। দোকান ও মালামাল সব মিলিয়ে অর্ধ কোটি টাকার উপরে আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে। 

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী ওয়াজকরুনি, আলী আহমেদ, বাতেন ফরাজী, নাজির, হেলাল উদ্দিন,  নয়ন, হাশিম, শরীফ, সাজু, নুরু সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। অনেকের পুঁজি ও জীবনসংগ্রামের সবকিছুই আগুনে পুড়ে গেছে।

এই ভয়াবহ অগ্নিকাণ্ডে পুরো মুন্সিরহাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দ্রুত পুনর্বাসন সহায়তা পাওয়ার আশায় রয়েছেন। 

এদিকে ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং তিনি ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

ইত্তেফাক/এএইচপি