ক্রিকেটে ফিরছেন টাইবু!

আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:৩১

জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক টাটেন্ডা টাইবু ৩৫ বছর বয়সে পেশাদার ক্রিকেটে ফিরতে যাচ্ছেন। চলতি মাসের শেষে তিনি শ্রীলঙ্কার প্রথম শ্রেণি ক্রিকেটের দল বাদুরালিয়া স্পোর্টস ক্লাবের হয়ে খেলবেন।

এই ব্যাপারে তিনি বলেন, ‘আমি আগেও অনেকবারই বলেছি যে, আমার জীবনে অনেক সিদ্ধান্তই আমি আবেগের বশবর্তী হয়ে নিয়েছি। তবে, এটা সত্যি যে, ভিতর থেকে যে আওয়াজটা আসে সেটাকে কখনো অবজ্ঞা করা যায় না। আমার ছেলে টাটেন্ডা আমাকে প্রায়ই জিজ্ঞেস করে যে, আমি কেমন খেলতাম। ও এখন খেলাধুলা ভালবাসতে শুরু করেছে। ও কখনোই আমার খেলা দেখেনি। যখন খেলতাম, তখন ও অনেক ছোট ছিল। আমি নিজের শরীরের ব্যাপারে খু্বই সচেতন। আমি মনে করি ক্রিকেট খেলার জন্য আমি এখনো যথেষ্ট ফিট। আশা করি, ছেলেকে দেখাতে পারব যে, এখনো আমি পারফর্ম করতে পারি।’

এই উইকেটরক্ষক ব্যাটসম্যান মাত্র ২১ বছর বয়সে জিম্বাবুয়ের অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। সেটা ২০০৪ সালের ঘটনা। তিনিই টেস্টের ইতিহাসে সর্বকনিষ্ঠ অধিনায়ক। ২০১২ সালে ধর্ম-কর্মে মনোযোগ দিতেই তিনি সব ধরনের ক্রিকেটকে বিদায় জানান। এর আগে খেলেন ২৮ টি টেস্ট, ১৫০ টি ওয়ানডে ও ১৭ টি টি-টোয়েন্টি।

২০১৬ সালে তিনি ব্রিটেনের স্টে ম্যারি ক্রিকেট ক্লাবের খেলোয়াড় কাম কোচ হিসেবে দায়িত্ব নেন। ২০১৭ সালে তিনি জিম্বাবুয়ে ক্রিকেটের (জেডসি) নির্বাচক হিসেবে দায়িত্ব নেন। যদিও, ২০১৯ বিশ্বকাপের মূলপর্বে যেতে না পারার ব্যর্থতায় কোচ হিথ স্ট্রিক ও অধিনায়ক গ্রায়েম ক্রিমারের সঙ্গে টাইবুকেও বরখাস্ত করা হয়।

ইত্তেফাক/কেআই