নরসিংদীতে বাস-ট্রাক ও প্রাইভেটকারের ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৬৩ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর অবস্থায় দুই জনকে ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (২২ ফেব্রুয়ারি) সকালে সদর উপজেলার বাসাইল এলাকায় সড়ক ও জনপথ বিভাগের সামনে সড়ক দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সিলেটগামী মাল বোঝাই একটি ট্রাকের সঙ্গে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পাশে চলন্ত অপর একটি প্রাইভেটকারও দুর্ঘটনার কবলে পড়ে। এতে যান তিনটির অন্তত ৬৩ যাত্রী আহত হয়। পরে তাদের মধ্যে বেশ কয়েকজনকে উদ্ধার করে জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় বাসের এক যাত্রী ও ট্রাক চলককে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন।
এ ঘটনায় বাস-ট্রাক ও প্রাইভেটকার দুমড়েমুচড়ে গেলেও কোনো নিহতের খবর পাওয়া যায়নি।
ইটাখোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন বলেন, সকালে নরসিংদী সদরের বাসাইল এলাকায় একটি যাত্রীবাহী বাস ও মালবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। এ সময় পেছনে থাকা একটি প্রাইভেটকার এসে দুর্ঘটনাকবলিত বাসে ধাক্কা মারে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হন। এদের মধ্যে উন্নত চিকিৎসার জন্য বাসের এক যাত্রী ও ট্রাকের ড্রাইভারকে ঢাকা পঙ্গুতে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত গাড়ি তিনটি পুলিশ হেফাজতে আছে।
