তল্লাশির নামে লুটের অভিযোগে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) এক কর্মকর্তা ও তার তিন সহযোগীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) নড়াইলে কালিয়া উপজেলার খড়রিয়া চরপাড়ার সমরেন্দ্রনাথ বিশ্বাসের বাড়িতে এ ঘটনা ঘটে।
গ্রেপ্তারকৃতরা হলেন এনএসআইয়ের নড়াইল ফিল্ড অফিসার ইয়াসিন হোসেন, নড়াইল সদরের ভওয়াখালি গ্রামের আরিফুজ্জামান, সুবুদ্ধীডাঙ্গা গ্রামের সোহাগ মোল্যা এবং নড়াইল শহরের দুর্গাপুর এলাকার শাহরিয়ার জামান শশী।
পুলিশ জানায়, শুক্রবার রাতে কালিয়া উপজেলার খড়রিয়া গ্রামের চরপাড়ায় সৌমেন্দ্র নাথ বিশ্বাসের বাড়িতে এনএসআই পরিচয়ে চারজন প্রবেশ করে। তারা বাড়িতে অবৈধ মালামাল আছে বলে অভিযোগ তুলে গৃহস্থের সব মূল্যবান জিনিস এক জায়গায় জড়ো করতে বলে। পরে তারা দুটি স্বর্ণের চেইন, একজোড়া কানের দুল, একজোড়া কানের দুলের টানাসহ আনুমানিক ৩ লাখ টাকার স্বর্ণ ও এক লাখ ১১ হাজার টাকা লুট করে। এক পর্যায়ে তাদের একজন মালামাল নিয়ে পালিয়ে গেলে বাকিরাও দ্রুত বাড়ি ছেড়ে চলে যায়।
এরপর গৃহকর্তা সুরেন্দ্রনাথ বাড়ি ফিরলে ঘটনা জানতে পারে, তিনি স্থানীয় পেড়লী ক্যাম্পের সঙ্গে কথা বলেন। এরপর স্থানীয়রা কৌশলে তাদের আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে।
পেড়লী ক্যাম্প ইনচার্জ মো.আজিজ বলেন, এলাকার লোকেরা তাদের মারধর দিয়েছে। অনেক জিজ্ঞাসাবাদের পরে এনএসআই ফিল্ড অফিসার সহ সকলেই ঘটনা স্বীকার করেছে এবং তাদের তথ্য অনুযায়ী মালামাল উদ্ধার হয়েছে।
কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশিদুল ইসলাম বলেন, নড়াইলে কর্মরত এক এনএসআই সদস্যের নেতৃত্বে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাড়িতে তল্লাশির নামে স্বর্ণালংকার ও নগদ অর্থ লুটে নিয়ে যাওয়ার সময় ৪ জনকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে বিকেলে একটি মামলা হয়েছে। ওই মামলায় তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
