ক্ষমতায় থাকলে সাকিবকে খেলাতেন বাদল

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০০

গেল বছরের অক্টোবর মিরপুরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ি টেস্ট খেলতে চেয়েছিলেন সাকিব। কিন্তু রাজনৈতিক পটপরিবর্তনে তৈরি হওয়া পরিস্থিতি অনুকূলে না থাকায় দেশে ফেরা হয়নি তার। শেষ টেস্টও খেলা হয়নি। এরপর কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলার সময়ে বোলিং অ্যাকশনে সমস্যা হওয়ায় ইংল্যান্ড ক্রিকেটের পক্ষ থেকে সাকিবের বোলিং নিষিদ্ধ হয় এরপর নিয়ম অনুযায়ী বাংলাদেশের ঘরোয়া বাদে সব ধরনের ম্যাচে কেলিং নিষেধাজ্ঞায় পড়েন তিনি। মাঠে নামলে খেলবেন কেবল ব্যাটার হিসেবে। তাতে জাতীয় দলে ফেরার পথও বন্ধ হয়ে যায়। এজন্য চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলে জায়গা পাননি। তার ইচ্ছা ছিল, এএই টুর্নামেন্ট থেকে ওয়ানডে অবসর নেবেন। কিন্তু সুযোগ না পাওয়ায় সে পথও বন্ধ হয়ে যায়।

এর আগে বিপিএলের একাদশ আসরে চিটাগং কিংস তাকে দলে ভিড়িয়েছিল। কিন্তু দেশে ফিরতে না পারায় বাংলাদেশের সর্বোচ্চ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটিতেও সাকিবের খেলা হয়নি। বিপিএলের পর এবার ঘরোয়া টুর্নামেন্ট ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ (ডিপিএল) মাঠে গড়াচ্ছে। মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে নাম লিখিয়েছেন সাকিব। গেলবার শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছিলেন তিনি। এবার দলবদল করে নাম লিখিয়েছেন লিজেন্ডস অব রূপগঞ্জে। গতকাল অনলাইনের মাধ্যমে দলবদল করেন তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন লিজেন্ড অব রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল।

সাকিবের ডিপিএল খেলা নিয়ে লুৎফর রহমান বাদল বলেছেন, 'আমরা রাজনীতিবিদ সাকিবকে নিইনি, খেলোয়াড় সাকিবকে দলে নিয়েছি।'

লিজেন্ড অব রূপগঞ্জের মালিক বলেছেন, আমি যদি ক্ষমতায় থাকতাম, তাহলে সাকিবকে খেলানো হতো। কারণ তার অবদানেই আমরা চ্যাম্পিয়নস ট্রফি খেলছি। এই খেলোয়াড়কে বাদ দিয়ে চ্যাম্পিয়নস ট্রফি খেলা অনুচিত, এটা আমার ব্যক্তিগত মত। সাকিব আমাদের দেশের একটি বড় সম্পদ। তাকে কাজে লাগতে হবে। পৃথিবীতে দ্বিতীয় কাউকে খুঁজে পাওয়া যারে না যে, ১২ বছর তিনটি ফরম্যাটেই অলরাউন্ডার হিসেবে ছিলেন। এমন বেল্ট আর আসবে কি না সন্দেহ রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে লিজেন্ড ক্রিকেটারদের নার্সিং করা হয়। আমরা ক্রিকেটারদের বাধ্য করি অবসর নেওয়ার জন্য, এই ধরনের চর্চা থেকে বের হয়ে আসতে হবে।'

সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে বাদল বলেছেন, 'আমার সঙ্গে যেভাবে কথা হলো, তিনি ইংল্যান্ডে। রোজার মধ্যে তৃতীয় বার (বোলিং) পরীক্ষা দেবেন। এজন্য সেখানে তিনি একজন কোচও নিয়েছেন। কোচের সম্মতি পেলে সাকিব পরীক্ষা দেবেন এবং সেখানে পাশ করলে আশা করি খেলতে পারবেন বাংলাদেশে।' এদিকে দল গড়া নিয়ে অতীতের প্রসঙ্গ টেনে লুৎফর রহমান বাদল বলেছেন, 'আমি গেল ১০ বছরই চ্যাম্পিয়ন হওয়ার চেষ্টা করেছি। বিভিন্ন প্রতিকূলতার কারণে আমি চ্যাম্পিয়ন হতে পারিনি। আমার দলে জাতীয় দলের ক্রিকেটারদের খেলতে দেওয়া হয়নি। খেললে জাতীয় দলে নেওয়া হবে না, এমন হুমকিও দেওয়া হতো। এবার মাঠ ঠিক থাকলে, আম্পায়ারিং ঠিক থাকলে আমরা চ্যাম্পিয়ন হতে পারব। 

ইত্তেফাক/এসএএস