সাইকোলজিক্যাল থ্রিলার ঘরানার সিনেমা ‘শ্যামাকাব্য’। বদরুল আনাম সৌদ নির্মিত সিনেমাটি গত বছর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল। তেমন ব্যবসাসফল না হলেও দর্শকমহলে আলোচিত হয়েছে। এবার সিনেমাটি দেখা যাবে ঘরে বসেই। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে দেখা যাচ্ছে ২০১৯-২০ সালে সরকারী অনুদান পাওয়া সিনেমাটি।
সিনেমাটির সংগীত পরিচালনা করেছেন ইমন সাহা। গল্পে দেখা যায়, ডিভোর্সের পর স্ত্রীকে হারিয়ে ভীষণ ডিপ্রেশনে আক্রান্ত হয় আজাদ। ওসমানকে সে নিজের বড় ভাইয়ের মতো সম্মান করত, সেই ওসমানের সঙ্গেই তার স্ত্রী পরকীয়ায় জড়িয়েছিল। নিজের ডিপ্রেশন কাটাতে একদল টুরিস্টের সঙ্গে সুন্দরবনে ভ্রমণ করতে যায় আজাদ। সেখানে গিয়ে আত্মহত্যা করাই তার লক্ষ্য থাকে।
ভ্রমণে গিয়ে শ্যামা নামের এক তরুণীর সঙ্গে পরিচয় হয়। আজাদের জীবনের মোড় ঘুরে যায়। গল্প এগিয়ে চলে। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন- সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। এছাড়াও অভিনয় করেছেন- ইন্তেখাব দিনার, নওরীন হাসান খান জেনি, শাহাদাৎ হোসেন, সাজু খাদেম, রিমি করিম, এ কে আজাদ সেতু প্রমুখ।
