পাঁচদিন বন্ধের পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩০

যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচদিন বন্ধ থাকার পর আংশিক চালু হয়েছে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র। 
 
শনিবার (২২ ফেব্রিয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে ১নং ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়েছে। তবে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতাসম্পন্ন ১নং ইউনিট থেকে উৎপাদন হবে প্রতিদিন গড়ে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ। 
 
তাপবিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এরমধ্যে ১ নম্বর এবং ২ নম্বর ইউনিট মিলে মোট ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন। এর মধ্যে বর্তমানে ২নং ও ৩নং ইউনিটে বিদ্যুৎ উৎপাদন বন্ধ আছে।

বিদ্যুৎ উৎপাদন শুরুর নিশ্চিত করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক বলেন, ৩নং ইউনিটও চালুর জন্য প্রয়োজনীয় মেরাতম কাজ চলছে। দ্রুতই সেটিও চালু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। 

ইত্তেফাক/আইএ/এনএন