‘ডু অর ডাই’ ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০৬

চ্যাম্পিয়নস ট্রফির ‘ডু অর ডাই’ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার।

হার দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু করেছে বাংলাদেশ। তাই টুর্নামেন্টে টিকে থাকতে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে। হারলেই বিদায় নিতে হবে নাজমুল হাসান শান্তর দল। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে লাল-সবুজের প্রিতিনিধিরা। 

আগের ম্যাচের একাদশ থেকে বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার ও পেসার তানজিম হাসান সাকিব। তাদের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ ও পেসার নাহিদ রানা।

অন্যদিকে বড় জয় দিয়ে এবারের চ্যাম্পিয়নস ট্রফি শুরু করে নিউজিল্যান্ড। এই ম্যাচ জিতলেই সেমিফাইনাল নিশ্চিত করবে কিউইরা। এই ম্যাচে দুই পরিবর্তন নিয়ে মাঠে নামছে নিউজিল্যান্ড। নাথান স্মিথের জায়গায় এসেছেন কাইল জেমিসন। অসুস্থ ডেরিল মিচেলের পরিবর্তে খেলছেন রাচিন রবীন্দ্র।

বাংলাদেশের একাদশ: তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও নাহিদ রানা। 

নিউজিল্যান্ড একাদশ: উইল ইয়াং, ডেভন কনওয়ে, কেইন উইলিয়ামসন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম, গ্লেন ফিলিপস, মাইকেল ব্রেসওয়েল, মিচেল স্যান্টনার (অধিনায়ক), কাইল জেমিসন, ম্যাট হেনরি ও উইল ও’রুর্ক।

ইত্তেফাক/জেডএইচ