সিরিয়ার গুরুত্বপূর্ণ খাতে দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইইউ

আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৭

সিরিয়ার বিরুদ্ধে জ্বালানি, ব্যাংকিং ও পরিবহনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খাতে নিষেধাজ্ঞা স্থগিত করেছে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো। সোমবার (২৪ ফেব্রুয়ারি) এসব নিষেধাজ্ঞা স্থগিতের ঘোষণা আসে বলে জানিয়েছে আরব নিউজ।

গত ডিসেম্বরে হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বাধীন বিদ্রোহী বাহিনী প্রেসিডেন্ট বাশার আসাদকে উৎখাত করে। এরপর থেকে ইউরোপীয় নেতারা সিরিয়া নিয়ে তাদের নতুন দৃষ্টিভঙ্গি ভাবতে শুরু করেন।

এরই ধারাবাহিকতায় আজ ব্রাসেলসে এক বৈঠকে ইইউ পররাষ্ট্রমন্ত্রীরা তেল, গ্যাস ও বিদ্যুৎ খাতের ওপর আরোপিত জ্বালানি খাতের বিধিনিষেধ এবং পরিবহন খাতের ওপর নিষেধাজ্ঞা স্থগিতের বিষয়ে একমত হন। সেই সঙ্গে সিরিয়ার কেন্দ্রীয় ব্যাংকের ওপর থেকে নিষেধাজ্ঞা শিথিল এবং মানবিক সহায়তা সরবরাহের সুবিধার্থে অনির্দিষ্টকালের জন্য জব্দ করা অর্থ ছাড় দিয়েছে।

ইইউ দেশগুলো আসাদ কর্তৃপক্ষের সঙ্গে সম্পর্কিত অন্যান্য নিষেধাজ্ঞা বজায় রেখেছে। যার মধ্যে রয়েছে অস্ত্র ব্যবসা, সামরিক ও বেসামরিক উভয় ক্ষেত্রে ব্যবহারে যুক্ত দ্বৈত পণ্য, নজরদারির জন্য সফ্টওয়্যার এবং সিরিয়ার সাংস্কৃতিক ঐতিহ্যবাহী পণ্যগুলোর আন্তর্জাতিক বাণিজ্য।

ইউরোপীয় পররাষ্ট্রমন্ত্রীরা বলেছেন, নিষেধাজ্ঞা নিয়ে ভাবার বিষয়ে তারা সিরিয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ অব্যাহত রাখবেন।

ইত্তেফাক/এসকে