ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতি, গ্রেপ্তার ৩

আপডেট : ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৭

নরসিংদীর রায়পুরায় ঢাকা-সিলেট মহাসড়কে ডাকাতির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে চাপাতি, চাকু, মোবাইল ফোন, টর্চ লাইট ও টাকা জব্দ করা হয়।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল হান্নান। এর আগে সোমবার দিনে ও রাতে রায়পুরা ও ভৈরবের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন, কিশোরগঞ্জের ভৈরব থানার চণ্ডিবের মধ্যপাড়া এলাকার আজগর মিয়ার ছেলে মোর্শেদ মিয়া (৩৬), একই থানার দড়িচণ্ডিবের এলাকার ইদু মিয়ার ছেলে মো. সজিব (৩৮) ও মো. খোরশেদ আলমের ছেলে কাওসার মিয়া (৪২)।

পুলিশ সুপার জানান, ঢাকা-সিলেট মহাসড়কের নামাপাড়া এলাকায় দুটি ডাকাতির ঘটনায় বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে জড়িতদের ধরতে তৎপরতা শুরু করে থানা ও ডিবি পুলিশ। থানায় ডাকাতির মামলার পর তথ্যপ্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে রায়পুরা ও ভৈরব থানা এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের কাছ থেকে দুটি চাপাতি, দুটি মোবাইল ফোন, দুটি টর্চ লাইট, একটি চাকু ও নগদ ৮ হাজার টাকা জব্দ করা হয়েছে।

উল্লেখ্য, গত ২১ ফেব্রুয়ারি রাত ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মাহমুদাবাদ সেতুসংলগ্ন নামাপাড়া এলাকায় একটি প্রাইভেটকার সড়কের ওপর আড়াআড়িভাবে রেখে চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে ডাকাত দলের ১০/১২ জন সদস্য। পরে ডাকাতরা দেশীয় অস্ত্র ও হকিস্টিক দিয়ে মাইক্রোবাস ও প্রাইভেটকারের গ্লাস ভেঙে গাড়িতে থাকা ব্যক্তিদের অস্ত্রের মুখে জিম্মি করে। এসময় ভয়ভীতি দেখিয়ে নগদ ৯৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন এবং স্বর্ণালঙ্কার লুট করে পালিয়ে যায়।

ইত্তেফাক/এপি