ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সুষ্ঠু ব্যবস্থাপনা ও সেবার মান উন্নয়নের লক্ষ্যে সকল ওয়ার্ড ইনচার্জদের সঙ্গে হাসপাতাল প্রশাসনের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে হাসপাতালের অডিটোরিয়ামে এই সভা হয়।
এতে সভাপতিত্ব করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন। উপস্থিত ছিলেন-উপপরিচালক ডা. বিদ্যুৎ কান্তি পাল, ডা. সাজ্জাদ খন্দকার, সহকারী পরিচালক ডা. মো. নাসির উদ্দীন, ডা. আলাউদ্দিন আল আজাদ এবং সেবা তত্ত্বাবধায়ক খায়রুন নাহারসহ আরো অনেকে।
ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাসির উদ্দীন বলেন, নার্সদের সুযোগ-সুবিধার জন্য যা দরকার তাই করা হবে। তবে নার্সদের এও খেয়াল রাখতে হবে যাতে রোগীদের সেবায় কোনো ধরণের গাফিলতি না হয়।
রোগীদের সেবার জন্য যা যা দরকার তাই করা হবে উল্লেখ করে তিনি আরো বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণ ওষুধ আছে। প্রয়োজন হলেই সে সব রোগীদের সরবরাহ করা হবে।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন (বিএনএ) ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সভাপতি মো. কামাল হোসেন পাটওয়ারী বলেন, বর্তমান সরকার প্রায় ২০ হাজার নার্স নিয়োগ দিয়েছে সরকারি হাসপাতালগুলোতে। এর মধ্যে ঢামেকে ১৫০০ নতুন নার্স নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া নার্সদের পদায়ন, দেশ-বিদেশে ট্রেনিং, তাদের ৩য় শ্রেণি থেকে ২য় শ্রেণিতে উন্নতি করা হয়েছে। এ জন্য মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।
বাংলাদেশ নার্সেস এসোসিয়েশনের (বিএনএ) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জুয়েল বলেন, বিভিন্ন ক্ষেত্রে নার্সদের মূল্যায়ন করায় বর্তমান সরকারে প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
ইত্তেফাক/জেডএইচ
