মেহেরপুরের মুজিবনগর উপজেলার সোনাপুর মাঝপাড়া সীমান্ত দিয়ে এক রোহিঙ্গাসহ ১৫ জনকে ঠেলে পাঠিয়েছে (পুশব্যাক) ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাদের মুজিবনগর সীমান্ত এলাকা থেকে পুশব্যাক করা হয়। বুধবার দুপুরে মুজিবনগর থানার ওসি মিজানুর রহমান পুশব্যাকের ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জানা যায়, তারা বিভিন্ন সময়ে বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে। পরে ভারতীয় পুলিশের কাছে আটক হয়। বিভিন্ন মেয়াদে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বহরমপুর জেলখানায় কারাভোগের পর মঙ্গলবার রাতে বিএসএফ তাদের কাঁটাতার পার করে বাংলাদেশে পাঠিয়ে দেয়।
সীমান্ত পার হয়ে আসা বাংলাদেশিরা হলেন- পাবনার চাটমোহর উপজেলার বিশ্বনাথপুর গ্রামের শিবাস হালদার (৫০), তার ছেলে হরিদাস হালদার (২৪), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার হরিশপুর গ্রামের সিরাজুল ইসলাম (২০), নরেন্দ্রপুর থানার আক্কাস আলী (২৮), রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সারেংপুর গ্রামের শাহিন আলী (২৭), চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের কাজীব আলী (২৩), হরিশপুর গ্রামের আবদুল্লাহ (২৭), পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিয়াপাড়া গ্রামের ইসাহাক আলী, তার ছেলে আজিল আলী (৪৫), কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা-১৬ নম্বর ক্যাম্পে বসবাস করা তরুণ রিয়াজ (২৪)। বাকি পাঁচজনের নাম প্রাথমিকভাবে জানা যায়নি।
পুশব্যাক হওয়া ব্যক্তিরা জানান, বিএসএফ তাদের বাংলাদেশের মুজিবনগর উপজেলার সোনাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের দিকে পাঠিয়ে দেয়।
সীমান্ত পার হয়ে এসে তারা মুজিবনগর উপজেলার কেদারগঞ্জ বাজারের বিভিন্ন জায়গায় অবস্থান করে। পরে সকালে তারা বিভিন্ন পরিবহনের মাধ্যমে নিজ নিজ গন্তব্যের উদ্দেশ্যে চলে যায়।
