জামালপুরে আইনশৃঙ্খলা সভা শেষে আটক ৪ ইউপি চেয়ারম্যান

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৩৯

জামালপুরের মেলান্দহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভা থেকে বের হওয়ার পর পুলিশের হাতে আটক হয়েছেন চার ইউপি চেয়ারম্যান।  বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদ ভবন থেকে তাদের আটক করে জেলা ডিবি কার্যালয়ে নেওয়া হয় বলে জানান জামালপুরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম।

আটকরা হলেন, চরবানিপাকুরিয়া ইউপি চেয়ারম্যান শাহাদাৎ হোসেন ভুট্টো, শ্যামপুর ইউপি চেয়ারম্যান এস.এম. সাইদুর রহমান সাইদ মাস্টার, ঘোষেরপাড়া ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান লিটু এবং ফুলকোচা ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ। এদের মধ্যে মামুনুর রশিদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং বাকিরা উপজেলা আওয়ামী লীগের সদস্য বলে জানা গেছে।

একাধিক সূত্রে জানা গেছে, বুধবার উপজেলা পরিষদের মাসিক আইন শৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা ছিল।এ সভায় যোগ দেন ইউপি সদস্যরা। সভা শেষে বের হওয়ার পথে তাদের আটক করে গেয়েন্দা পুলিশের একটি দল। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম. আলমগীর বলেন, আমি মিটিং শেষ করে চলে আসছি। পরে তাদেরকে গ্রেপ্তারের কথা শুনেছি। তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়টি আমার জানা নাই।

মেলান্দহ থানার ওসি তদন্ত হুমায়ুন কবির জানান, আটকদের বিরুদ্ধে জুলাই-আগস্টে নাশকতার অভিযোগ রয়েছে।

ইত্তেফাক/এপি