ন্যায্য মূল্যের দাবি

সড়কে লবণ ঢেলে চাষিদের অবস্থান-বিক্ষোভ

আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:২৪

লবণের ন্যায্য মূল্যের দাবিতে সড়কে লবণ ঢেলে ও কাফনের কাপড় পড়ে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন করেছে কক্সবাজার লবণচাষি ও ব্যবসায়ী সংগ্রাম পরিষদ।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বেলা ১১টা থেকে মহাসড়কের চকরিয়ার খুটাখালী এলাকায় সড়কে লবণ ঢেলে এ বিক্ষোভ করেন তারা।

লবণ চাষিরা বলছেন, গত অর্থবছরে উৎপাদিত লবণ চাহিদা মিটিয়ে বর্তমানে আরও ২ লাখ ২২ হাজার মেট্রিক টন লবণ মজুদ ছিল। চলতি মৌসুমে প্রাকৃতিক পরিবেশ অনুকূলে থাকায় লবণ উৎপাদন প্রক্রিয়া ভালোভাবেই চলছে। প্রায় ৬৮ হাজার একর জমিতে লবণ উৎপাদন হয়, যা ক্রমান্বয়ে আরও বৃদ্ধি পাচ্ছে। দেশীয় লবণ শিল্পের সাথে ৬৫ হাজার চাষিসহ ১০ লাখ মানুষের আয়-ব্যয় সক্রিয়ভাবে জড়িত।

চাষিদের মতে, এ বছর লবণ উৎপাদন ভালো থাকা স্বত্বেও লবণের সঠিক দাম পাওয়া যাচ্ছে না। মাঠ পর্যায়ে বর্তমানে মণ প্রতি লবণ বিক্রি হচ্ছে ২২০ টাকা থেকে ২৩০ টাকা। অথচ এক মণ লবণ উৎপাদন খরচ ৩০০ থেকে সাড়ে ৩৫০ টাকা পর্যন্ত পড়ছে।

তাদের দাবি, লবণ মিল মালিকদের সিন্ডিকেট ও লবণ আমদানি বন্ধ করলে চাষিরা ন্যায্য মূল্য পাবেন। 

ইত্তেফাক/আইএ/এসএএস