লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক শ্যামল ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কামরুল হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের পুলিশ সুপার তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে বুধবার রাজধানীর খিলক্ষেত নিকুঞ্জ ও ধানমন্ডি থেকে তদের গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে তাদের লালমনিরহাটে নিয়ে আসা হয়।
গ্রেপ্তার আবু বক্কর সিদ্দিক শ্যামল লালমনিরহাট জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হাতীবান্ধা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি বীর মুক্তিযোদ্ধা মোতাহার হোসেন কলেজের অধ্যক্ষ। অন্যদিকে কামরুল হাসান পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা গ্রামের ফজলুল হকের ছেলে। তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য।
লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, আবু বক্কর সিদ্দিক শ্যামলের বিরুদ্ধে রংপুর কোতোয়ালি ও হাতীবান্ধা থানায় বিভিন্ন অভিযোগে মামলা ও সাধারণ ডায়েরি (জিডি) রয়েছে। তার ঘনিষ্ঠ সহযোগী কামরুল হাসানও হাতীবান্ধা থানায় একটি মামলা এবং ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে পাটগ্রাম থানায় ৩টি জিডি রয়েছে। তারা দুজনই পলাতক ছিলেন। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।
