চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে কোটি টাকার ওপরে ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন।
ব্যবসায়ী ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটায় বাজারের পূর্ব গলিতে মাহিনের মাইকের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
মসজিদের মাইক থেকে আগুন নেভানোর আহ্বান করলে বাজারের ব্যবসায়ীরা বালতি নিয়ে ছুটে যান। স্থানীয় জনতা পার্শ্ববর্তী খাল থেকে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিস আগুন নেভাতে যোগ দেয়। এলাকাবাসীর সহযোগিতায় ফায়ার সার্ভিস দেড় ঘন্টায় মিনিটে আগুন নিভাতে সক্ষম হয়।
শরীফ ক্লথ স্টোরের মালিক বলেন, আমার সব শেষ। সব পুড়ে ছাই-কয়লা হয়ে গেছে। আমি কীভাবে বাঁচবো।
মাইক সার্ভিসের মালিক মাহিনুল ইসলাম জানান তার দোকানের সকল মালপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ সময় তার স্ত্রী আগুন দেখে অজ্ঞান হয়ে পড়েন।
মতলব দক্ষিণ ফায়ার সার্ভিসের ইনচার্জ মোহাম্মদ আলী বলেন, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।
চাঁদপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক সৈয়দ গোলাম মোর্শেদ জানান, ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা যায়নি। আমরা মতলব উত্তর, দক্ষিণ ও চাঁদপুরের চারটি ইউনিট কাজ করছি।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় ওসি সালেহ আহমেদও সাথে ছিলেন।
