জামালপুর সদর উপজেলায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক অটোরিকশা যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনার পর বাসটিতে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধ জনতা।
রোববার (২ মার্চ) সকাল ৯টার দিকে জামালপুর-ময়মনসিংহ মহাসড়কের শরিফপুর ইউনিয়নের জয়রামপুর এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, শরিফপুর চেয়ারম্যান বাড়ির মোড়ে ময়মনসিংহ থেকে ছেড়ে আসা জামালপুরগামী রাজিব পরিবহনের একটি বাস যাত্রীবাহী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশায় থাকা চারজন যাত্রী আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে তাদের মধ্যে একজন মারা যান। বাকি তিনজনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাদেরকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে, তাৎক্ষণিক নিহত ব্যক্তির নাম-পরিচয় পাওয়া যায়নি।
এদিকে, বিক্ষুব্ধ জনতা আগুন ধরিয়ে দেয় বাসটিতে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ সময় উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) কায়সার আহাম্মেদ বলেন, মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের এক যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়েছেন। ঘটনার সময় বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। পরে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়। নিহতের মরদেহ জামালপুর জেনারেল হাসাপাতালের মর্গে রাখা হয়েছে।
