পশ্চিম তীরে ১৬ শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী  

আপডেট : ০৩ মার্চ ২০২৫, ০৯:৪৯

২০২৫ সাল শুরুর পর এখন পর্যন্ত অধিকৃত পশ্চিম তীরে ১৬ ফিলিস্তিনি শিশুকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আন্তর্জাতিক এক মানবাধিকার সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি। 

ডিফেন্স ফর চিলড্রেন ইন্টারন্যাশনালের অ্যাকাউন্টিবিলিটি প্রোগ্রামের পরিচালক আয়েদ আবু ইকতাইশ আনাদোলুকে বলেছেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে লঙ্ঘনের জন্য ইসরায়েলি সেনাদের জবাবদিহিতায় না আনার ব্যর্থতা কার্যকরভাবে তাদের কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য সবুজ সংকেত দিয়েছে। 

তিনি জানান, গত ২১ ফেব্রুয়ারি ১৩ বছর বয়সী আয়মান নামে এক ফিলিস্তিনি শিশুকে হত্যা করে ইসরায়েলি বাহিনী। এই শিশু ইসরায়েলি বাহিনীর জন্য হুমকি ছিল না বলে জানান আয়েদ আবু ইকতাইশ। তিনি পশ্চিম তীরে ১৬ ফিলিস্তিনি শিশুর নিহতের তথ্য নিশ্চিত করেছেন। 

চলতি বছরের গত ১৯ জানুয়ারি থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বিরতি চলছে। তবে যুদ্ধবিরতির পর থেকে পশ্চিম তীরে অভিযান জোরদার করেছে ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, ২০২৩ সালের অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর অভিযানে এখন পর্যন্ত ৯২৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৭ হাজার জন। 

এ ছাড়া গাজায় ১৫ মাসের যুদ্ধে ইসরায়েলি বাহিনীর তাণ্ডবে নিহত হয়েছে ৪৮ হাজারের বেশি ফিলিস্তিনি। 

ইত্তেফাক/এসআর