উপস্থাপক, নির্মাতা ও অভিনেত্রী ঐন্দ্রিলা আহমেদ। বাংলাদেশ টেলিভিশনে শুরু হয়েছে তার উপস্থাপনায় নতুন অনুষ্ঠান ‘ইফতারের রসুইঘর’।
উপস্থাপনার ক্ষেত্রে বেশ বাছবিচার করেন ঐন্দ্রিলা। ছোটবেলাতে বিটিভিতে প্রথম উপস্থাপনা করেন তিনি। তাছাড়া বিভিন্ন বেসরকারি চ্যানেলে রান্নার নানা অনুষ্ঠান উপস্থাপনা করলেও বিটিভিতে আর উপস্থাপনা করা হয়ে ওঠেনি। প্রায় দুই দশক পর বিটিভিতে উপস্থাপনা করছেন তিনি।
এ অনুষ্ঠানে একজন অতিথি থাকেন। তার সঙ্গে রান্না নিয়ে গল্প-আড্ডায় দারুণ সময় কেটে যায় ঐন্দ্রিলার। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মাহবুবা ফেরদৌস, আফরোজা সুলতানা ও এল রুমা।
উপস্থাপনাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন ঐন্দ্রিলা। তাই উপস্থাপনাকে প্রাধান্য দিচ্ছেন। অভিনয়ে নিয়মিত না হলেও প্রযোজনা করছেন। নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনেক নাটক প্রযোজনাও করেছেন। বেশ কিছু কাজ দর্শকপ্রিয়তা পেয়েছে।
বাবা বুলবুল আহমেদকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেন, ‘বাবাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ও পরিকল্পনা রয়েছে। শুধু বাবাকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করব বলে ফিল্ম বিষয়ে ভর্তি হয়েছিলাম। চলচ্চিত্র নির্মাণে এখন নিজেকে উপযুক্ত মনে করছি, তাই ঘোষণা দিয়েছি চলচ্চিত্র নির্মাণের। বর্তমানে টেবিলওয়ার্ক চলছে। এটি রিসার্চ বেইজড কাজ। পারফেক্টলি করতে হলে অনেক সময় লাগবে। এর জন্য বুলবুল আহমেদের সময়কার চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা বেঁচে আছেন, তাদের সঙ্গেও দেখা করব। পাত্রপাত্রী নির্বাচনে একটু সময় লাগবে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের শেষের দিকে সিনেমার শুটিং শুরু করব।’
