২ বছরের সাজা এড়াতে ১৭ বছর ধরে পলাতক

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ১৭:৩৭

২০০৮ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় দুই বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছিলেন আদালত। রায়ের পর থেকে ১৭ বছর ধরে পালিয়ে বেড়াচ্ছিলেন। তবুও নিজেকে সাজার হাত থেকে রক্ষা করতে পারেননি খুলনার পাইকগাছার রিপন গাজী (৪৫)।

সোমবার (৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার নতুন বাজার থেকে রিপন গাজীকে গ্রেপ্তার করার পর আজ মঙ্গলবার (৪ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়

পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সবজেল হোসেন বলেন, রিপন গাজী উপজেলার মটবাটি গ্রামের কাওসার গাজীর ছেলে। তিনি পাইকগাছা থানার ২০০৮ সালের একটি মাদক মামলায় খুলনা যুগ্ম জেলা জজ আদালত দুই বছরের সশ্রম কারাদণ্ড দেন। ওই মামলায় ১৭ বছর পালাতক থাকার পর গতকাল সন্ধ্যা ৭টার দিকে নতুন বাজার এলাকা থেকে তিনি গ্রেপ্তার হন। তাকে আজ সকালে পাইকগাছার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ইত্তেফাক/এমএএস