মুন্সীগঞ্জে ছিনতাইকারী সন্দেহে ৩ জনকে গণপিটুনি

আপডেট : ০৪ মার্চ ২০২৫, ২০:২৭

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় অটোরিকশা ছিনতাইকারী সন্দেহে একটি মাইক্রোবাস আটক করে তিনজনেক গণপিটুনি দিয়েছে জনতা। এ সময় ভাঙচুর করা হয়েছে তাদের মাইক্রোবাসটি। মঙ্গলবার (৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার ষোলঘর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মাইক্রোবাসচালক জুয়েল হোসেন (৪৪), আরোহী বাচ্চু মিয়া (৪৫) ও  হাফিজ মিয়া (৫৫)। তাদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে

পুলিশ জানায়, স্থানীয় বীরতারা থেকে ষোলঘরে দিকে দ্রুতগতিতে মাইক্রোবাসটি আসতে দেখে স্থানীয়দের সন্দেহ হয়। এ সময় মাইক্রোবাসটি কয়েক দফা থামানোর চেষ্টা করলে সেটি না থামিয়ে পালানোর চেষ্টা করে।

পরে ফোন করে ষোল ঘর বাসস্ট্যান্ডে অটোরিকশা ও বেঞ্চ দিয়ে রাস্তা ব্লক করে মাইক্রোবাসটি গতিরোধ করা হয়।

আর স্থানীয় অটোরিকশা চালকদের দাবি, এই মাইক্রোবাসটি দিয়ে এর আগেও অটোরিকশা ছিনতাই হয়। সুযোগ বুঝে চালককে জোর করে মাইক্রোবাসে তুলে তাদের একজন অটোরিকশা চালিয়ে নিয়ে যায়। মাইক্রোবাসটি জব্দ করে পুলিশ বিষয়টি যাচাই বাছাই করছে।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিল আহমেদ জানান, আটকরা পুলিশকে জানিয়েছে একটি অটোরিকশার সঙ্গে তাদের মাইক্রোবাসের ধাক্কা লাগে। এ কারণে তারা দ্রুত পালানোর চেষ্টা করেন।

ইত্তেফাক/এমএএস