দৈনিক ইত্তেফাকের ঘোড়াঘাট উপজেলা সংবাদদাতা ও ঘোড়াঘাট প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক জিল্লুর রহমান (৭৪) আর নেই।
মঙ্গলবার (৪ মার্চ) দিবাগত রাত পৌনে ১১টার দিকে দিনাজপুরের ঘোড়াঘাটে নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
প্রবীণ এই সাংবাদিক লিভার ক্যান্সার, ডায়াবেটিস ও অন্যান্য রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার (৪ মার্চ) তার স্বাস্থ্যের অবনতি ঘটলে তাকে বগুড়ার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষা শেষে বাড়িতে আনার কিছুক্ষণ পর তার মৃত্যু ঘটে।
তিনি দীর্ঘদিন ধরে দৈনিক ইত্তেফাক, দৈনিক করতোয়া, দিনাজপুরের দৈনিক উত্তরবাংলা পত্রিকার ঘোড়াঘাট প্রতিনিধি হিসাবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী-গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে ঘোড়াঘাট উপজেলার প্রশাসনিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং দৈনিক ইত্তেফাকের দিনাজপুর স্টাফ রিপোর্টার মতিউর রহমানসহ জেলার সব উপজেলা সংবাদদাতাগণ শোক প্রকাশ করেছেন।
