দিনাজপুরের ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কে দুর্ঘটনার শিকার রোগীকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরে চালককে না পেয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স ভাংচুর করেছে রোগীর স্বজনরা। বুধবার (১৭ জুলাই) রাত সাড়ে ৮টায় ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। তবে কোনো আইনি পদক্ষেপ নেননি স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার সন্ধ্যা সাড়ে ৭টায় ফুলবাড়ী-মধ্যপাড়া মহাসড়কের নবাবগঞ্জ উপজেলার ভাগলপুর বাজার নামক স্থানে দুইটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ফুলবাড়ী থানার পিকআপ চালক সিদ্দিকুর রহমান রাজু (৫৫) ও তার স্ত্রী মোছা. কারুন্নাহার পারুল (৪০) ও উপজেলার বেতদীঘি ইউনিয়নের মাদিলাহাট চিন্তামন গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে মিজানুর রহমান মিজান (২৮) গুরুতর আহত হন।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক এনায়েতুল্ল্যাহ নাজিম আহতদের মধ্যে সিদ্দিকুর রহমান রাজু ও তার স্ত্রী কামরুন্নাহার পারুলকে স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তঃবিভাগে ভর্তি করেন। মিজানুর রহমান মিজানের অবস্থা গুরুতর হওয়ায় তাকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন রোগীর স্বজনদের।
তাকে দিনাজপুরে দ্রুত নিতে স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকের মোবাইলে ফোন দেন স্বজনরা। ফোন না ধরায় বিক্ষুব্ধ রোগীর স্বজনরা স্বাস্থ্য কমপ্লেক্সে থাকা অ্যাম্বুলেন্সটি ভাংচুর চালায়। পরে তারা একটি বেসরকারি অ্যাম্বুলেন্স রোগীকে অন্যত্র নেন।
আরও পড়ুন: নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস মৎস্য ঘেরে, আহত ২৭
স্থানীয়দের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সের চালক সময় মত উপস্থিত থাকে না। প্রয়োজনে খুঁজে নিয়ে আসতে হয়।
চালক আব্দুল্লাহ বলেন, অ্যাম্বুলেন্সটিতে দেওয়া নম্বরটি তার নয়।আগের চালকের। তিনি এখন দিনাজপুর কর্মরত আছেন। তাকে কেউ ফোন দেয়নি।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. নুরুল ইসলাম বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে স্টাফদের সঙ্গে আলোচনা করা হয়েছে। স্পর্শকাতর বিষয় গুরুত্বের সঙ্গে দেখার জন্য সকলকে নির্দেশ দেওয়া হয়েছে।
ইত্তেফাক/অনি

