ইউক্রেনের জন্য জার্মানির অস্ত্র ফুরিয়ে আসছে

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ১৬:৫২

ইউক্রেনে গুরুত্বপূর্ণ প্যাট্রিয়ট সিস্টেম সরবারহ করা জার্মানি জানিয়েছে, নিজেদের অস্ত্রাগার থেকে কিয়েভকে অস্ত্র সরবরাহের ক্ষমতার শেষ প্রান্তে পৌঁছেছে বার্লিন।

বুধবার (৫ মার্চ) এক প্রেস ব্রিফিংয়ে জার্মান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মাইকেল স্টেম্পলকে তাদের অস্ত্রাগার থেকে প্যাট্রিয়ট সিস্টেম এবং অন্যান্য অস্ত্র ইউক্রেনে আরও স্থানান্তর সম্পর্কে জিজ্ঞাসা করা হয়।

জবাবে তিনি বলেন, বার্লিন ইতোমধ্যে ইউক্রেনকে অনেকগুলো সিস্টেম সরবরাহ করেছে। তবে এর একটি প্রাকৃতিক সীমা রয়েছে। বার্লিনকে দেশের নিজস্ব প্রতিরক্ষা সক্ষমতা জোরদার করতে হবে।

২০২২ সালে ইউক্রেন সংঘাত বৃদ্ধির পর থেকে জার্মানি হয়ে ওঠে কিয়েভের অন্যতম উল্লেখযোগ্য সমর্থক। জার্মান সরকারের মতে, ওই সময় থেকে প্রায় ৪৪ বিলিয়ন ইউরোর (৪৭ বিলিয়ন ডলার) সামরিক ও আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সহায়তার মধ্যে রয়েছে লেপার্ড ট্যাংক, প্যানজারফাস্ট ৩ অ্যান্টি-ট্যাঙ্ক রকেট, স্টিংগার অ্যান্টি-এয়ারক্রাফ্ট মিসাইল এবং গেপার্ড অ্যান্টি-এয়ারক্রাফ্ট স্ব-চালিত সাঁজোয়া যান।

ইত্তেফাক/এসকে