খিলগাঁওয়ে নকশা বহির্ভূত ভবনে রাজউকের উচ্ছেদ অভিযান

আপডেট : ০৬ মার্চ ২০২৫, ২১:২১

রাজধানীর খিলগাঁও নন্দীপাড়া এলাকায় ৯ নং আব্দুস সামাদ রোডে নকশা বহির্ভূতভাবে ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় কয়েকটি নকশা বহির্ভূত ভবনের আংশিক অপসারণ করা হয়।

বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযানের নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার। 

নির্বাহী ম্যাজিস্ট্রেট লিটন সরকার বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৬/১ আওতাধীন খিলগাঁও নন্দীপাড়া এলাকায়  ৯ নং আব্দুস সামাদ রোডে নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। নকশা বহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েড এ ব্যত্যয় পাওয়া গেছে। একটি ১০(দশ) তলা নির্মাণাধীন ভবনের আংশিক অপসারণ সহ ৩(তিন) টি নির্মাণাধীন ভবনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা মেনে ইমারত নির্মাণ করে সে বিষয়ে মুচলেকা নেওয়া হয়।

এছাড়া অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন বলেন, ভবন নির্মানে রাজউক অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করবে এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই বিষয়ে জনসচেতনতা করা হয়েছে।

স্থানীয়রা জানান, স্বতঃস্ফূর্তভাবে আমরা এলাকার মানুষ রাজউকের এই অভিযানে সহযোগিতা করি। এলাকাবাসী মনে করে রাজউক নিয়মিত এই ধরনের অভিযান চলমান রাখলে কেউ নকশা ছাড়া ভবন করতে সাহস পাবে না।

মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ,অথরাইজড অফিসার আবদুল্লাহ আল মামুন , সহকারী অথরাইজড অফিসার সাব্বিরুল ইসলাম , প্রধান ইমারত পরিদর্শক মো. বেল্লাল হোসেন এবং সেলিম বকাউল এবং  ইমারত পরিদর্শক জিল্লুর রহমান, ফিরোজ আলম, মো নাজিম উদ্দীন, মো. আমিনুল ইসলাম (পিয়াল), সুব্রত কর্মকা প্রমুখ উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/এনএ