বেশি দামে সার বিক্রির অভিযোগে ডিলার গ্রেপ্তার

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১২:৪৭

রংপুরের বদরগঞ্জে বেশি দামে সার বিক্রির প্রতিবাদ করায় মারধরের শিকার হয়েছেন জাতীয় নাগরিক কমিটির বদরগঞ্জ শাখার দুই সদস্য। মঙ্গলবার (৪ মার্চ) উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের বোর্ডের হাটে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার এ ঘটনায় স্থানীয় থানায় মামলা দায়ের করার পর অভিযুক্ত মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মারধরের শিকার জাতীয় নাগরিক কমিটির স্থানীয় দুই সদস্যরা হলেন- সাজেদুল ইসলাম ও শাহ পরান। তাদেরকে ইতোমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত সাজেদুর রহমান বাদী হয়ে ডিলার মনোয়ার হোসেনসহ আরও পাঁচজনের নাম উল্লেখ করেন। অজ্ঞাতনামা থেকে আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে বদরগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।

জানা গেছে, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) বদরগঞ্জ উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ডিলার মনোয়ার হোসেন। একই ইউনিয়নের বোর্ডেরহাট বাজারে তার সারের দোকান রয়েছে। মনোয়ার হোসেন দীর্ঘদিন ধরেই রাসায়নিক সারের কৃত্রিম সংকট তৈরি করে যাচ্ছেন। সরকারি মূল্যের চেয়ে অধিক দামে কৃষকের কাছে সার বিক্রি করে আসছিলেন তিনি। নিজের বাড়িতেই সার রেখে দোকান ফাঁকা রাখতেন তিনি। কৃষকদের কাছে রশিদ ছাড়াই চড়া দামে ইউরিয়া, এমওপি ও টিএসপি সার বিক্রি করতেন।

সাজেদুর রহমান এ বিষয়ে বলেন, ‘মনোয়ার হোসেন আওয়ামী লীগের দোসর। পতিত আওয়ামী লীগ সরকারের সময় থেকেই বেশি দামে সার বিক্রি করে আসছিলেন। প্রতিবাদ করেও তেমন কোন লাভ হয়নি।

তিনি আরও বলেন, গত দুই দিন আগে স্থানীয় এক সাংবাদিকসহ তার দোকানে যান। সেখানে বেশি দামে সার বিক্রির প্রতিবাদ করি। ওই সাংবাদিক আমাদের সাক্ষাৎকারও গ্রহণ করেন। এতে ডিলার মনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে লোক ভাড়া করে আমাদের ওপর হামলা চালান।

বদরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন বলেছেন, এই ঘটনায় গতকাল রাতে বাদী হয়ে থানায় মামলা করেছেন সাজেদুর রহমান রাতেই মামলার প্রধান আসামি মনোয়ার হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদেরকেও গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

ইত্তেফাক/এনটিএম/এএইচপি