রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের হাজাছড়ি এলাকায় ইউপিডিএফের সশস্ত্র সন্ত্রাসীদের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলার এই এলাকা তাদের শক্তিশালী আস্তানা হিসেবে পরিচিত।
শুক্রবার (৭ মার্চ) ভোর সারে ৫টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে এই আস্তানার অস্তিত্ব পায় রাঙ্গামাটি সদর জোনের সেনারা।
বিশেষ অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফ (মূল) এর শীর্ষস্থানীয় সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে সেনা সদস্যরা এলাকাটি ঘিরে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ গোলাবারুদ, সন্ত্রাসীদের ব্যবহৃত ইউনিফর্ম, বাইনোকুলার, ওয়াকি-টকি সেট, কম্পিউটার হার্ডডিস্ক ও চাঁদা আদায়ের রশিদসহ অন্যান্য নথিপত্র ও সরঞ্জাম উদ্ধার করে।
পালিয়ে যাওয়া ইউপিডিএফ (মূল) সন্ত্রাসীদের ধরতে সেনাবাহিনী অভিযান অব্যাহত রেখেছে। এলাকাজুড়ে সতর্কতামূলক ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য চট্টগ্রামে শান্তি ও নিরাপত্তা রক্ষায় তাদের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।
সূত্র জানায়, বরাবরের মতো ইউপিডিএফ (মূল) ঘটনাটিকে ভিন্ন দিকে প্রবাহিত করতে ও সত্য আড়াল করতে তাদের সমর্থক গোষ্ঠীদের মাধ্যমে কাউখালী এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টির পায়তারা করছে।
এদিকে ওই এলাকায় বসবাসরত নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানানোর পাশাপাশি ওই এলাকার বসবাসরত নাগরিকদের নিরাপত্তা বাহিনীকে সহায়তা করার আহ্বান জানানো হয়েছে। এছাড়াও সন্দেহজনক কোনো তথ্য বা গতিবিধি নজরে এলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিক জানানোর পরামর্শ দেওয়া হয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে।
এ ব্যাপারে কাউখালী থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম সোহাগের সঙ্গে যোগাযোগ করা হলে ঘটনাস্থলে মোবাইল নেটওয়ার্কের না থাকার কারণে তাকে পাওয়া যায়নি।
