কে-পপ তারকার বিয়ে

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ১৬:০৩

চলতি মাসেই বিয়ে করছেন কে-পপ তারকা গো ইউনহা। বুধবার (৫ মার্চ) ইনস্টাগ্রামে তিনি পোস্ট করেছেন, ‌‘আমি আমার ভালোবাসার মানুষকে বিয়ে করতে যাচ্ছি। জীবনের কঠিন সময়ে অবিরাম সমর্থন দেওয়ার জন্য তোমাদের প্রতি ভালোবাসা রইল। আশা করছি, আগামী দিনেও এ সমর্থন পাব তোমাদের।’
 
কাকে বিয়ে করছেন তা পরিষ্কার করে জানাননি ইউনহা। তবে তিনি শোবিজের কেউ নন বলে জানিয়েছেন। কোরিয়ার মেয়ে ইউনহা ১৬ বছর বয়সে জাপানে পাড়ি জমান। কারণ তিনি রক গান করতে চেয়েছিলেন। কিন্তু সে সময় কোরিয়ার শ্রোতাদের রক গানের প্রতি তেমন আগ্রহ ছিল না। ফলে জাপানে এসেছিলেন তিনি।

ইউনহা। ছবি: সংগৃহীত  

২০০৪ সালে জাপানি গান ‘ইউবিকিরি’ দিয়ে সংগীতে ইউনহার অভিষেক। দ্বিতীয় গান ‘হোকিবশি’ প্রকাশের পর পাদপ্রদীপের আলোয় আসেন। গানটি জাপানে তাকে আলাদা পরিচিতি দিয়েছে। বেশ কয়েকটি টপচার্টেও জায়গা করে নিয়েছে।

ইউনহা। ছবি: সংগৃহীত  

তারপর কোরিয়ায় ফিরে যান তিনি। ২০০৬ সালে কোরীয় গানে আত্মপ্রকাশ করেন। বের করেন প্রথম কোরীয় অ্যালবাম অডিশন। দুই দশকের ক্যারিয়ারে ‘পাসওয়ার্ড ৪৮৬’, ‘ওয়েটিং’, ‘ইভেন্ট হরাইজন’সহ বেশ কয়েকটি রক গানে পরিচিতি পেয়েছেন তিনি। 

ইউনহা। ছবি: সংগৃহীত

গীতিকার ও সংগীত প্রযোজক হিসেবেও ইউনহার আলাদা পরিচিতি রয়েছে। আগামীর পরিকল্পনা নিয়ে তিনি জানান, নিজে গান গাওয়ার পাশাপাশি সামনে অন্যদের গান প্রযোজনায় মনোযোগ দেবেন তিনি।

ইত্তেফাক/এসএ