গবেষণায় দেখা গেছে, কানাডিয়ান তরুণ জনসংখ্যার মধ্যে অ্যালকোহল সেবন সম্পর্কিত জটিলতায় অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি দ্রুত বৃদ্ধি পাচ্ছে।
কিংস্টন হেলথ সায়েন্সেস সেন্টার এবং কুইন্স ইউনিভার্সিটির গবেষকরা অ্যালকোহল সেবনের ফলে কিশোর-কিশোরী এবং তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতির প্রবণতা বিশ্লেষণ করেছেন। তারা দেখেছেন, এ সম্পর্কিত ক্ষতি কানাডায় গত দুই দশক ধরে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
অ্যালকোহলে আসক্তদের মাঝে গবেষকরা প্যানক্রিয়াটাইটিস এবং লিভার রোগের ক্রমবর্ধমান ঘটনা খুঁজে পেয়েছেন। বিশেষ করে অল্পবয়সী মেয়েদের মধ্যে ক্ষতির প্রবণতা বৃদ্ধির হার সবচেয়ে বেশি।
অ্যালকোহল সেবন বিভিন্ন দেশে একটি প্রধান জনস্বাস্থ্য সমস্যা। বিশ্বব্যাপী ২০ থেকে ৩৯ বছর বয়সী ব্যক্তিদের মধ্যে ১৩.৫ শতাংশের মৃত্যুর কারণ এটি।
পূর্ববর্তী গবেষণাগুলোতে লিভারের বাইরে অ্যালকোহল-সম্পর্কিত অঙ্গ-প্রত্যঙ্গের জটিলতা সম্পর্কে সীমিত তথ্য রয়েছে। যা তরুণ জনসংখ্যার ক্ষতির বিস্তৃত প্রভাব বোঝার ক্ষেত্রে ফাঁক রেখে গেছে। নতুন গবেষণাটি এই প্রবণতাগুলো পদ্ধতিগতভাবে বর্ণনা করা প্রথম গবেষণাগুলোর মধ্যে একটি।
মেডিকেল জার্নাল 'JAMA' প্রকাশিত 'কিশোর ও তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে অ্যালকোহল-সম্পর্কিত প্যানক্রিয়াটাইটিস এবং লিভারের রোগ' শীর্ষক গবেষণায়, গবেষকরা অন্টারিও থেকে প্রশাসনিক স্বাস্থ্যসেবা তথ্য ব্যবহার করে একটি পূর্ববর্তী, জনসংখ্যা-ভিত্তিক সমন্বিত গবেষণা পরিচালনা করেছেন। অগ্ন্যাশয়, লিভার, পাকস্থলী, হৃদপিণ্ড এবং স্নায়ুতন্ত্রের জন্য অ্যালকোহল-সম্পর্কিত অঙ্গের ক্ষতি মূল্যায়ন করা হয় এতে।
অন্টারিও-ভিত্তিক স্বাস্থ্য ডাটাবেস, 'ICES' থেকে ১৩ থেকে ৩৯ বছর বয়সী ব্যক্তিদের তথ্য সংগ্রহ করা হয়েছে। যার মধ্যে অ্যালকোহল-সম্পর্কিত ক্ষতির জন্য জরুরি বিভাগে পরিদর্শন এবং হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের নিয়ে সার্ভেও অন্তর্ভুক্ত রয়েছে। ২০০৩ থেকে ২০২১ সালের মধ্যে অ্যালকোহল-সম্পর্কিত অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতির মোট ১১ হাজার ৫০৮টি ঘটনা শনাক্ত করা হয়েছে গবেষণায়।
গবেষণায় ৬৪ শতাংশ ক্ষেত্রে ছেলেদের অংশগ্রহণ ছিল, যাদের গড় বয়স ২৮ বছর। তাদের মধ্যে অগ্ন্যাশয়ের জটিলতা সবচেয়ে বেশি দেখা গেছে, ২৯ শতাংশ ক্ষেত্রে। এরপর লিভার-সম্পর্কিত জটিলতা ১৯ শতাংশের।
এছাড়া ৯২ শতাংশ ক্ষেত্রে তীব্র প্যানক্রিয়াটাইটিসের ঘটনা রিপোর্ট করা হয়েছে। অগ্ন্যাশয়ের সাথে সম্পর্কিত রোগে আক্রান্ত বেশিরভাগ ব্যক্তিদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয়।
গবেষণার তথ্য অনুযায়ী, একাধিক অঙ্গ-প্রত্যঙ্গে অ্যালকোহল-সম্পর্কিত ক্ষতির হার বৃদ্ধি পেয়েছে। ছেলেদের মধ্যে অ্যালকোহল-সম্পর্কিত প্যানক্রিয়াটাইটিসের ঘটনা প্রতি বছর ৭ শতাংশ করে এবং মেয়েদের মধ্যে ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। ছেলেদের মধ্যে লিভার-সম্পর্কিত জটিলতা বার্ষিক ৬ শতাংশ এবং মেয়েদের মধ্যে ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সেই সঙ্গে মেয়েদের অগ্ন্যাশয় এবং লিভারের বাইরে অঙ্গ-প্রত্যঙ্গের জটিলতা বার্ষিক ২ শতাংশ হারে বৃদ্ধি পেয়েছে, যেখানে ছেলেদের ক্ষেত্রে এই হার ১ শতাংশ কমে এসেছে।
গবেষণাটি তরুণ প্রাপ্তবয়স্কদের মধ্যে অ্যালকোহল-সম্পর্কিত অঙ্গ-প্রত্যঙ্গের জটিলতা দ্রুত বৃদ্ধির ইঙ্গিত দেয়। তবে জটিলতা সবচেয়ে তীব্র বৃদ্ধি ঘটছে তরুণীদের মধ্যে। যদিও এই লিঙ্গ-ভিত্তিক পার্থক্যের সঠিক কারণগুলো অস্পষ্ট রয়ে গেছে। গবেষকরা পরামর্শ দিচ্ছেন, জৈবিক সংবেদনশীলতা, মদ্যপানের ধরণ বা রোগ নির্ণয়ের প্রবণতার পার্থক্যের মতো কারণগুলো এর কারণ হতে পারে। গবেষকরা এগুলো আরও বেশি অনুসন্ধানের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
তথ্যসূত্র: মেডিকেল এক্সপ্রেস
