গণতান্ত্রিক ছাত্র সংসদের বিক্ষোভ কর্মসূচি

আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২১:১৫

নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর প্রকাশ্য কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে গণতান্ত্রিক ছাত্র সংসদ। তাদের অভিযোগ- দেশকে অস্থিতিশীল করে তোলার চেষ্টা শুরু করেছে এবং তাদের কার্যক্রম ঠেকাতে রাষ্ট্রীয় বাহিনী ব্যর্থতা পরিচয় দিয়েছে।

শুক্রবার (৭ মার্চ) ইফতারের পর সন্ধ্যা ৭টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে তারা মিছিল শুরু করবে বলে জানিয়েছে সংগঠনটি।

এদিকে নিষিদ্ধঘোষিত সংগঠন হিযবুত তাহরীর তাদের পূর্বঘোষিত ‘মার্চ ফর খিলাফত’ কর্মসূচি শুক্রবার (৭ মার্চ) জুমার নামাজের পর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু করে। মিছিল শুরু করার কিছু সময় পর সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ছুঁড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।

এর আগে বায়তুল মোকাররমের উত্তর গেটের সামনের রাস্তায় জড়ো হয় কয়েক হাজার মানুষ। তারা ‘মুক্তির এক পথ, খিলাফত খিলাফত’ স্লোগান দিয়ে মিছিল শুরু করেন।

এই কর্মসূচি থেকে হিযবুত তাহরীরের কয়েকজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে মোট কয়জনকে আটক করা হয়েছে, সে সংখ্যা এখনো জানা যায়নি।

ইত্তেফাক/এমএস/এমএএস