‘লও ঠেলা গ্রুপের’ প্রধান ইমরানসহ ৯ জন গ্রেপ্তার

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৭:৪৪

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আলোচিত অপরাধী চক্র লও ঠেলা গ্রুপের প্রধান মো. ইমরান ওরফে মাওরা ইমরান ও তার ৮ সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) মোহাম্মদপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির তেজগাঁও বিভাগের ভারপ্রাপ্ত উপকমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়। এই চক্রের সদস্যরা সন্ত্রাসী কর্মকাণ্ড, চাঁদাবাজি, ছিনতাই, ডাকাতি, নারীদের উত্ত্যক্ত করা, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত।

গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, ‘লও ঠেলা গ্রুপের’ সক্রিয় ১০ সদস্য ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। তারা ঢাকার বিভিন্ন এলাকার মার্কেট, গণপরিবহন, বিভিন্ন অনুষ্ঠানে আশপাশে অবস্থান নিয়ে ডাকাতি করেন। ডাকাতির সময় বাধা দিলে দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে। তারা মোহাম্মদপুরের ঢাকা উদ্যান, বছিলা, চাঁদ উদ্যানসহ আশপাশের এলাকায় নানা ধরনের অপরাধে জড়িত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডিবির অভিযানে গ্রেপ্তার হওয়া ইমরানের সহযোগীরা হলেন, আজগর আলী, মো. তাওহীদ, মো. বিকাশ হাসান, মো. আকাশ, মো. জুয়েল, মো. সাগর হোসেন, মো. আব্বাস ও মো. আমীর হোসেন। তাদের মধ্যে ৭ জনের বয়স ১৮ থেকে ২৫–এর মধ্যে। একজনের বয়স ৪০–এর বেশি।

ইত্তেফাক/এমএস/এনএন