ওআইসির প্রস্তাবে আপত্তি

দুই রাষ্ট্র সমাধান নয়, আদি ফিলিস্তিন প্রতিষ্ঠা করতে হবে: ইরান

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ১৯:০৮

ইসলামিক সহযোগিতা সংস্থায় (ওআইসি) ফিলিস্তিনের ভবিষ্যৎ নিয়ে আরব লীগের প্রস্তাব অনুমোদনের কড়া আপত্তি জানিয়েছে ইরান। ওআইসি ঘোষিত দুই রাষ্ট্র সমাধান নয়, বরং আদি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার প্রতি সমর্থনের উপর জোর দিয়েছে তেহরান।

শুক্রবার ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি বলেন, দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে কিছু ভ্রাতৃপ্রতিম দেশের দৃষ্টিভঙ্গির প্রতি যথাযথ সম্মান রেখে ইরান মনে করে, এই সমাধান ফিলিস্তিনি জনগণের অধিকার আদায় করবে না।

আরাঘচি ফিলিস্তিনের স্বার্থে ইরানের সরকার ও জনগণের আপোষহীন সমর্থনের উপর জোর দেন। তিনি বলেন, 'আমাদের মতে, ফিলিস্তিনের সকল আদি বাসিন্দার প্রতিনিধিত্বকারী একটি গণতান্ত্রিক রাষ্ট্রই একমাত্র কার্যকর সমাধান।'

সংকটময় মুহূর্তে গাজার জনগণের অবর্ণনীয় যন্ত্রণা ও দুর্ভোগের আলোকে সভা আয়োজনের জন্য সৌদি আরবের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী।

ইত্তেফাক/এসকে