গাজা নিয়ে আরবদের পরিকল্পনায় সমর্থন দিল ইউরোপের চার দেশ

আপডেট : ০৮ মার্চ ২০২৫, ২১:৩৫

ফিলিস্তিনের যুদ্ধবিধস্ত গাজা শহর পুনর্গঠনের জন্য আরব-সমর্থিত পরিকল্পনাকে সমর্থন করেছে ইউরোপ। শনিবার (৮ মার্চ) ফ্রান্স, জার্মানি, ইতালি ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রীরা এক যৌথ বিবৃতিতে এ ঘোষণা দেন।

মন্ত্রীরা যৌথ বিবৃতিতে বলেন, এই পরিকল্পনা গাজার পুনর্গঠনের একটি বাস্তবসম্মত পথ দেখায়। এটি গাজায় বসবাসকারী ফিলিস্তিনিদের বিপর্যয়কর জীবনযাত্রা থেকে দ্রুত এবং টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দেয়।

মিশর প্রণীত এবং আরব নেতাদের গৃহীত পরিকল্পনাটি ইসরায়েল ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রত্যাখ্যান করেছেন। তারা গাজা উপত্যকাকে 'মধ্যপ্রাচ্যের রিভেরা' বানানর ওপর নিজস্ব দৃষ্টিভঙ্গি উপস্থাপন করেছে।

চারটি ইউরোপীয় দেশের জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, তারা আরব উদ্যোগের সাথে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। এটি তৈরি করে আরব রাষ্ট্রগুলো যে গুরুত্বপূর্ণ সংকেত পাঠিয়েছে, তা প্রশংসার দাবিদার।

ইত্তেফাক/এসকে