টাঙ্গাইলে সাবেক এমপির বাড়িতে রাখা হলো মানসিক ভারসাম্যহীনদের

আপডেট : ০৯ মার্চ ২০২৫, ০৯:৫১

টাঙ্গাইল শহরে ছাত্র প্রতিনিধি পরিচয়ে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলামের ছয়তলা বাড়ি দখলের অভিযোগ উঠেছে। শনিবার (৮ মার্চ) মারইয়াম মুকাদ্দাস মিষ্টি নামের এক তরুণী তালা ভেঙে ভবনটিতে ঢুকে মানসিক ভারসাম্যহীন ২০ জনকে সেখানে আশ্রয় দেন।  

এ বিষয়ে জানতে চাইলে মিষ্টি দাবি করেন, এটি জবরদখল নয়। তিনি বলেন, কোনো ব্যক্তিবিশেষের ব্যবহারের জন্য এই ভবন দখল করা হয়নি। তার ভাষায়, এর আগে সামাজিক মাধ্যমে আওয়ামী লীগের নেতাদের বাড়িতে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিদের জন্য আশ্রম গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছিল। সেই ঘোষণার অংশ হিসেবেই এই ভবনে ২০ জনকে আশ্রয় দেওয়া হয়েছে।  

এদিকে আবাসিক এলাকায় মানসিক ভারসাম্যহীনদের আশ্রম গড়ে তোলায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে অস্বস্তি দেখা দিয়েছে। কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস না পেলেও অনেকে ক্ষোভ প্রকাশ করেছেন। মারইয়াম মুকাদ্দাস মিষ্টি  

এ বিষয়ে সদর থানার ওসি তানভীর আহম্মেদ বলেন, বিষয়টি তিনি লোকমুখে শুনেছেন। তবে ছাত্র-জনতার আন্দোলনে নেতৃত্ব দেওয়া শিক্ষার্থীরা নতুন দল গঠন করলেও এখানে ছাত্র প্রতিনিধি বা সমন্বয়ক বলে কিছু আছে কিনা, সে বিষয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি।  

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতনের পর সাবেক এমপি জোয়াহেরুল ইসলাম ও তার পরিবার আত্মগোপনে চলে যান। এর মধ্যে ৬ ফেব্রুয়ারি তার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এরপর থেকেই সামাজিক মাধ্যমে ভবনটি আশ্রমে রূপান্তরের ঘোষণা দেওয়া হয়।   

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের টাঙ্গাইলের আহ্বায়ক আল আমিন জানিয়েছেন, মিষ্টির কর্মকাণ্ডের বিষয়ে তারা শুনেছেন, তবে তারা এটি সমর্থন করেন না।  

তিনি বলেন, 'মিষ্টি আন্দোলনে ভূমিকা রেখেছিলেন, তবে তা ব্যবহার করে বিশেষ সুবিধা নেওয়া উচিত নয়। এটি ফ্যাসিস্টবিরোধী আন্দোলনের চেতনার সঙ্গে যায় না। বাড়ি দখলের মতো অপরাধ করলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।'   

মিষ্টির দাবি, জোয়াহেরুল ইসলামের পক্ষ থেকে একজন প্রতিনিধি এসে বাড়িটি ভেঙে না ফেলে আশ্রম হিসেবে ব্যবহার করার প্রস্তাব দেন। তবে ওই ব্যক্তির নাম-পরিচয় তিনি প্রকাশ করেননি।  

এদিকে স্থানীয়দের আপত্তি থাকলে কম সংখ্যক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি রেখে বাকিদের অন্য কোথাও সরিয়ে নেওয়া হবে বলে আশ্বস্ত করেছেন মিষ্টি।

ইত্তেফাক/টিএইচ