পবিত্র মাহে রমজান উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরের স্বল্প আয়ের মানুষের জন্য সুলভ মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রি শুরু হয়েছে।
রোববার (৯ মার্চ) সকাল ১০টায় গৌরীপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাণিসম্পদ বিভাগের উদ্যোগে সুলভ মূল্যের এই হাটের উদ্বোধন করেন সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা।
সুলভ মূল্যের হাটে প্রতি কেজি গরুর মাংস ৬৯০ টাকা, ডিমের হালি ৩৫ টাকা ও দুধ ৭০ টাকা লিটার দরে বিক্রি করা হচ্ছে।
উদ্বোধনের পরপরই পণ্য ক্রয় করতে স্বল্প আয় ও মধ্যবিত্ত পরিবারের লোকজন সুলভ মূল্যের হাটে ভিড় করেন। তবে দুধ ও ডিমের দাম নিয়ে ক্রেতারা সন্তোষ প্রকাশ করলেও গরুর মাংসের দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন অনেক ক্রেতা।
ক্রেতাদের অভিযোগ, ‘ময়মনসিংহ শহর ও আশেপাশের উপজেলায় সুলভ মূল্যের হাটে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হলেও এখানে বিক্রি হচ্ছে ৬৯০ টাকা।’
সুলভ মূল্যের হাটে পণ্য ক্রয় করতে আসা নুরুজ্জামান সোহেল বলেন, ‘এই হাটে ৭০ টাকা লিটার দুধ ও ৩৫ টাকায় এক হালি ডিম কিনতে পেরে আমরা খুশি। তবে গরুর মাংসের দাম একটু বেশি। পার্শ্ববর্তী ঈশ্বরগঞ্জ উপজেলার সুলভ মূল্যের হাটে গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তাই আমাদের দাবি এই হাটে যেন গরুর মাংস ৬৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়’।
সুলভ মূল্যের হাটে ক্রেতা নজরুল ইসলাম খান বলেন, ‘সুলভ মূল্যের হাটে সাশ্রয়ী মূল্যে পণ্য পাওয়া যাচ্ছে। তবে এই হাট সপ্তাহে এক দিনের পরিবর্তে দুই থেকে তিন দিন চালু করলে মানুষ আরও উপকৃত হতো। একজন ক্রেতাকে এক লিটার দুধ দেওয়া হচ্ছে। রমজানে যেহেতু দুধের চাহিদা বেশি থাকে, প্রত্যেক ক্রেতার জন্য কমপক্ষে দুই লিটার দুধ দিলে ভালো হয়।
ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সহ-সভাপতি আবুল ফজল বলেন, উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের উদ্যোগে জনসাধারণকে সুলভ মূল্যে মাংস, ডিম, দুধ দিতে ডেইরি ফার্মাস এসোসিয়েশন সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছে।
গরুর মাংসের দাম বেশি প্রসঙ্গে জানতে চাইলে তিনি বলেন, ‘অন্যান্য উপজেলায় সুলভ মূল্যের হাটে ভর্তুকি দিয়ে গরুর মাংস প্রতি কেজি ৬৫০ টাকায় বিক্রি হচ্ছে। আমরা কোনো ভর্তুকির পক্ষে না। কারণ ভর্তুকি দিলে সিস্টেম নষ্ট হয়। আমি মনে করি ৬৯০ টাকা কেজি মাংস বিক্রি করলে খামারিরা লাভবান হবে। সাধারণ মানুষেরও উপকার হবে।
